এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বের শেষ পর্বে এসে তাই মঙ্গলবারের ম্যাচ কার্যত বাঁচা-মরার লড়াই লাল-হলুদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে জর্ডনের আল-হুসেইন এসসি-র মুখোমুখি হবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। গ্রুপ ডি-তে চার ম্যাচে মাত্র দু’পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি তারা। ফলে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার জয় অত্যন্ত জরুরি।
এ বারের গ্রুপ পর্বে ঘরের মাঠে এটাই শেষ ম্যাচ লাল-হলুদের। সেপ্টেম্বরে জর্ডনে প্রথম সাক্ষাতে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত দু’পয়েন্ট খুইয়েছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে দানি রামিরেজ এবং আনোয়ার আলির গোলে ২-০ এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-২ করে ম্যাচে এক পয়েন্ট ছিনিয়ে নেয় গত মরসুমের জর্ডন প্রো লিগ চ্যাম্পিয়নরা।
তার পর থেকে মহাদেশীয় প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের পরিস্থিতি আরও কঠিন হয়েছে। ওমানে আল-সিব ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র ছাড়া আর কোনও পয়েন্ট জোগাড় করতে পারেনি তারা। ঘরের মাঠে আল-শর্তার কাছে ২-৩ এবং আল-সিবের কাছে ০-২-এ হেরেছে হাবাসের দল। ফলে মঙ্গলবার আর কোনও ভুলের অবকাশ নেই।
কিন্তু এই ম্যাচে রক্ষণে আনোয়ার আলি এবং আক্রমণে এডমন্ড লালরিনডিকার অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। দুজনেরই চোট। যদিও এই নিয়ে আফসোস করতে রাজি নন কোচ। তাঁর বিশ্বাস, দুই প্লেয়ারের অভাব ঢাকতে স্কোয়াডের বাকিরা পুরোপুরি প্রস্তুত। ইঙ্গিত পাওয়া গেল, ডিফেন্সে খেলতে পারেন সন্দীপ মান্ডি ও জিভুলিচ। আক্রমণে ডেভিডের সঙ্গে আকে লোবার খেলাও কার্যত নিশ্চিত।
এই ম্যাচের পরেই রবিবার আইএসএলে ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল। তবে এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ হাবাস। তাঁর ধারনা, এসিএল-২-এর এই ম্যাচে ভাল ফল করলে তা ডার্বির আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে।
অন্য দিকে, চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল-হুসেইন। শীর্ষে থাকা আল-শর্তার বিরুদ্ধে শেষ ম্যাচে ০-৩ গোলে হেরেছে জর্ডানের দলটি। এখনও পর্যন্ত একটি জয় পেয়েছে তারা। অক্টোবরে আল-সিবকে ৩-০ গোলে হারিয়েছিল আল-হুসেইন। মঙ্গলবার হারলে তাদেরও নকআউটের রাস্তা কঠিন হয়ে যাবে। ফলে দুই দলই আজ জয়ের জন্য ঝাঁপাবে।
ম্যাচের আগের দিন হাবাস বলেন, ‘দু’দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমাদের কাছে গুরুত্ব আরও বেশি। কারণ, গ্রুপ পর্বে ঘরের মাঠে এটাই শেষ ম্যাচ। নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার এটাই শেষ সুযোগ। সাম্প্রতিক ফলাফলের প্রভাব থেকে দলের মনোবলকে দূরে রাখতে হবে। যারা এই ম্যাচে খেলার জন্য রয়েছে, তাদের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে।
মঙ্গলবার পয়েন্ট না পেলে এসিএল-২-এর পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ঘরের মাঠে খেলা আমাদের জন্য বড় সুবিধা, আর এর জন্য সমর্থকদের পূর্ণ সমর্থন প্রয়োজন।’
ইস্টবেঙ্গলের অ্যাটাকার আকে আর্নো লোবাও সমর্থকদের পাশে চেয়েছেন। তিনি বলেন, ‘ঘরের মাঠে এই চ্যালেঞ্জের জন্য আমরা তৈরি। কোচ হাবাস যখনই আমাকে খেলার সুযোগ দেন, আমি প্রভাব ফেলতে চেষ্টা করি। কোচেদের পরিকল্পনার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। দল হিসাবেও আমরা পরিস্থিতি বদলাতে মরিয়া। সমর্থকদের বলব, মঙ্গলবার মাঠে এসে আমাদের পাশে থাকুন। আপনাদের সমর্থনই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে’।
লোবার গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। ইস্টবেঙ্গলের হয়ে ১৫০ মিনিট খেলেই চার গোল করে ফেলেছেন তিনি। জানালেন, আল হুসেইনের বিরুদ্ধেও জ্বলে উঠতে তৈরি। এখন দেখার ঘরের মাঠে জিতে এসিএল-২-এর প্লে-অফে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে কি না ইস্টবেঙ্গল। আজ, মঙ্গলবার ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=9bWDY_6LmGXhTH_e” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>