কেভিনকে নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো

আগামী সোমবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে মাঠে নামছে ইস্টবেঙ্গল। ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবলে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। এই অবস্থায় প্রথমবারের জন্য আইএসএল খেতাব ঘরে তুলতে গেলে বাকি তিনটি ম্যাচ জিততেই হবে লাল-হলুদ ব্রিগেডকে। এই লক্ষ্যে কলকাতায় ফিরে বৃহস্পতিবার থেকেই প্রস্তুতিতে নেমে পরেছে অস্কার ব্রুজোর দল। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থাকা পাঞ্জাব এবারের আইএসএলের অন্যতম শক্তিশালী দল। ঘরের মাঠে তাদের হারাতে রীতিমতো বেগ পেতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। তবে, এই ম্যাচে খেলতে নামার আগে লাল-হলুদ কোচের চিন্তা বাড়াচ্ছে অন্যতম ডিফেন্ডার কেভিন সিবিলের হলুদ কার্ড। মুম্বাই ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৭) হলুদ কার্ড দেখেছেন ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন এই ডিফেন্ডার।

ফলে, ইতিমধ্যেই তিনটে হলুদ কার্ড দেখা হয়ে গিয়েছে তাঁর। এই অবস্থায় পাঞ্জাবের বিপক্ষে আর একটি হলুদ কার্ড দেখলেই ডার্বি ম্যাচে খেলতে পারবেন না কেভিন। স্বাভাবিকভাবেই তাই পাঞ্জাবের বিপক্ষে দলগঠন নিয়ে কিছুটা হলেও চিন্তায় অস্কার। চলতি আইএসএলে বেশির ভাগ ম্যাচেই তিন ডিফেন্সে খেলিয়েছেন তিনি।

সেক্ষেত্রে আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন কেভিন সিবিলে। কোচ অস্কার ব্রুজো পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে কেভিনকে রাখবেন কিনা, তা স্পষ্ট করেননি। কোচের প্রধান চিন্তা ডার্বি ম্যাচে কেভিনকে প্রয়োজন। যদি পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে হলুদ কার্ড দেখে ফেলেন, সেক্ষেত্রে সমস্যা ঘনীভূত হবে। সেই কারণেই তিনি দ্বিধায় রয়েছেন।


এদিকে, বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করলেও সেদিন মূলত রিকভারি সেশন সারেন লাল-হলুদ ফুটবলাররা। পরেরদিন অর্থাৎ শুক্রুবার থেকে পুরোদমে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন আনোয়ার, রশিদ, মিগুয়েল’রা।