বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ থেকে বসনিয়া ও হারজেগোভিনার বিদায় হলেও ইতিহাসের পাতায় নাম তুলে রাখলেন অধিনায়ক এডিন জেকো। আমেরিকার বিরুদ্ধে নকআউট ম্যাচে মাঠে নেমে ৪০ বছর ১০৬ দিন বয়সে বিশ্বকাপের নকআউটে খেলা প্রথম ফুটবলার হিসেবে নজির গড়লেন তিনি। এর আগে ৪০ বছর পেরিয়ে কোনও ফুটবলার বিশ্বকাপের নকআউট পর্বে খেলেননি।
তবে জেকোর এই রেকর্ড দীর্ঘস্থায়ী নাও হতে পারে। রাউন্ড অফ ৩২-এ পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম একাদশে থাকেন, তবে ৪১ বছর ১৪৭ দিন বয়সে তিনি জেকোর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন। একই ম্যাচে ৪০ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নামলে লুকা মদ্রিচও জেকোকে টপকে যাবেন। সেক্ষেত্রে জেকো নেমে যাবেন তৃতীয় স্থানে।
রেকর্ড গড়লেও ম্যাচটি অবশ্য খুব একটা সুখকর হয়নি বসনিয়া অধিনায়কের জন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সাইডলাইনে বসে দলের ২-০ গোলে পরাজয় দেখতে হলো তাঁকে। শুধু তাই নয়, এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিলো তাঁর দল। এই প্রসঙ্গে বলা যায়, বিশ্বকাপে দ্বিতীয়বার অংশ নিয়েই এবার প্রথম নকআউটে উঠেছিল বসনিয়া।তবে, রাউন্ড অফ ৩২ এর ম্যাচে আয়োজক আমেরিকার বাধা টপকাতে পারল না তারা। তবে আমেরিকাও দক্ষতার প্রমাণ দিয়েছে। ৩০ মিনিট ১০ জনে খেলেও জয় পেয়েছে তারা। নকআউটের ম্যাচে বসনিয়া ও হারজেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল তারা। যারফলে, মেক্সিকো ও কানাডার পর তৃতীয় আয়োজক দেশ হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল আমেরিকা। শুধু তাই নয়, ২০০২ সালের পর ফের বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছাল মার্কিন দল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকরা।