আগামী মাসে বিশ্বকাপ ফুটবলের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যাবে ভারতীয় ফুটবল মরসুম। এ বছরের ডুরান্ড কাপ শুরু হবে ঠিক এক মাস পরে, ২৫ জুলাই থেকে। এ বার খেলবে ২৪টি দল। খেলাগুলি হবে পাঁচটি শহরে। এ বারেই প্রথম ডুরান্ড কাপের খেলা হবে মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে।
বৃহস্পতিবার ডুরান্ড কাপ কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ২৪টি দলের মধ্যে দুটি বিদেশি দলও খেলবে। রাঁচি ছাড়াও কলকাতা, গুয়াহাটি, ইম্ফল ও শিলংয়েও হবে ডুরান্ডের ম্যাচ। জুলাইয়ের ২৫ তারিখ থেকে শুরু হয়ে মরসুমের প্রথম টুর্নামেন্ট শেষ হবে ২৩ অগাস্ট। বরাবরের মতো কলকাতার দুটি স্টেডিয়ামে খেলাগুলি হবে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গন।
এ বার ডুরান্ড কাপের ১৩৫তম আসর বসতে চলেছে। গতবার এই কাপ জিতেছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। ফাইনালে ৬-১-এ ডায়মন্ড হারবার এফসি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। স্বাধীনতার পর ডুরান্ড কাপের ফাইনালে এত বড় ব্যবধানে আর কোনও দল জেতেনি।
আশির আখতার, পার্থিব গগৈ, থোই সিং, জাইরো সাম্পেরিও, অ্যান্ডি রড্রিগেজ ও আলাদিন আজারেইয়ের দেওয়া গোলে ম্যাচ ও খেতাব জিতে নেয় নর্থইস্ট। ডায়মন্ড হারবার এফসি-র পক্ষে একমাত্র গোলটি করেন লুকা মাজেন। সেমিফাইনালে এই ডায়মন্ড হারবার এফসি-র কাছে ১-২-এ হেরেই ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদ ব্রিগেড আবার কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১-এ হারিয়ে শেষ চারে উঠেছিল।
এ বারও কলকাতার দুই প্রধান এই টুর্নামেন্টে অংশ নেবে বলেই খবর। কোন কোন দল এ বারের ডুরান্ড কাপে খেলবে, তা অবশ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। তবে এ মরসুমে কোন দল কেমন দল গড়েছে এবং কেমন খেলতে পারে, তার ইঙ্গিত এই টুর্নামেন্টেই অনেকটা পাওয়া যাবে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আগেই জানিয়েছে, এ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ হবে ৪ সেপ্টেম্বর থেকে। এ দিকে ডুরান্ড কাপ শেষ হবে ২৩ অগাস্ট। তার দশ দিন পর থেকেই আইএসএল শুরু হলে দলগুলি বিশ্রামের জন্য যথেষ্ট সময় পাবে কি না, এই নিয়ে প্রশ্ন থাকছেই।
বেশিরভাগ দলই সম্ভবত তাদের সেরা দল নামাবে না ডুরান্ড কাপে। রিজার্ভ দল বা জুনিয়ারদের নিয়ে গড়া দলই খেলাবে। তবে আইএসএলের তারিখ ঘোষণা করা হলেও তার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কিছুই এখন চূড়ান্ত হয়নি। তাই সত্যিই নির্ধারিত সময়েই ফের শুরু করা যাবে কি না আইএসএল, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।