আগেই জানা গিয়েছিলো আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে এবারের ডুরান্ড কাপ। আর বুধবার হলো তার গ্রুপবিন্যাস। একই গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে, ডুরান্ডের গ্রুপ পর্বেই মরসুমের প্রথম ডার্বি হতে চলেছে। এদিন ডুরান্ড কমিটির পক্ষ থেকে যে গ্রুপ তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে গ্রুপ-এ’তে রয়েছে কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ছাড়াও এই গ্রুপের বাকি দুটি দল হল সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড।
অন্যদিকে, গ্রুপ-বি’তে রয়েছে মহমেডান স্পোর্টিং। এই গ্রুপের বাকি দলগুলি হল উত্তরপ্রদেশের বাঘপত এফসি, ইন্ডিয়ান আর্মি এবং ওডিশার সমলেশ্বরী স্পোর্টিং ক্লাব। জানা গিয়েছে, কলকাতায় গ্রুপপর্বে দুটি গ্রুপের ম্যাচ ছাড়াও দুটি কোয়ার্টার ফাইনাল, একটি সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। গ্রুপবিন্যাস করা হলেও এখন চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি। তবে, উল্লেখযোগ্যভাবে নাম নেই গতবারের রানার্স আপ ডায়মন্ড হারবার এফসির।
এদিকে, ডুরান্ড কাপ শুরুর আগেই বড় সমস্যায় দেশের ফুটবল ক্লাবগুলো। মূলত, বিদেশি ফুটবলারদের ছাড়পত্র এবং বিদেশি খেলানোর নিয়ম নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সিদ্ধান্তহীনতায় বিপাকে পড়েছে দুই প্রধান-সহ একাধিক ক্লাব। আসলে, গত মরসুমে ছ’জন বিদেশি নথিভুক্ত কড়ালেও মাঠে নামানো যেত চার জনকে। এবার তিন বিদেশি খেলানোর প্রস্তাব এবং ওসিআই (ভারতীয় বংশোদ্ভূত) ফুটবলারদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হলেও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি বিদেশি ফুটবলারদের ভিসার জন্য প্রয়োজনীয় ছাড়পত্রও ক্লাবগুলোর হাতে পৌঁছয়নি। যারফলে খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। ক্লাবগুলির দাবি, ভিসা পেতে অন্তত ১০ দিন সময় লাগবে। এ অবস্থায় ফেডারেশন দ্রুত বিদেশি নীতি ও প্রয়োজনীয় ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে ডুরান্ডের আগে ক্লাবগুলির প্রস্তুতি বড় ধাক্কার মুখে পড়তে পারে।