সূর্যকুমার যাদবের জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে সংশয়

প্রতিনিধিত্বমূলক চিত্র

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম দল হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়। তারপরে প্রথম দল হিসাবে টানা দু’বার বিশ্বকাপ পাওয়া। একমাত্র দল হিসাবে তিনবার টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা খেতাব তুলে নেওয়া। অনেক রেকর্ডের মালিক হওয়ার পরও সূর্যকুমার যাদব আর জাতীয় দলের জার্সিতে খেলবেন কিনা তা নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছে। আসলে আইএসএল ক্রিকেটে সূর্যকুমারকে রানের মধ্যে পাওয়া যাচ্ছে না। তিনি একেবারে ছন্দে নেই। তাঁর খারাপ ব্যাটিং ভাবাচ্ছে বিসিসিআইকে।

সূর্যকুমারকে ২০২৮ সালের অলিম্পিক গেমস ক্রিকেটে ভারতীয় দলে ভাবা হবে কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বোর্ডের কর্মকর্তা ও নির্বাচকদের মধ্যে।

বিশেষ সূত্রে জানা গেছে, সূর্যকুমার যাদবের বর্তমান খেলা নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ডকর্তারা। ব্যাট হাতে উইকেটে দাঁড়িয়ে একেবারেই রান পাছেন না ভারতের টি-২০ সফল অধিনায়ক। দু-চারটে ম্যাচ নয়, গত প্রায় ১ বছর তাঁর ব্যাটে রানের খোঁজ নেই। ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটে কথা বলছে না। এমন কী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটেও ব্যাট হাতে রান পাননি ভারতের অধিনায়ক। এমনকী আইপিএলেও তাঁর ব্যাট থেকে কিছুতেই রান আসছে না । বোর্ড কর্মকর্তাদের অভিমত, সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই। আসল সমস্যা হল তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে।


বোর্ড কর্মকর্তারা এতটাই চিন্তিত যে আগামী অলিম্পিক এবং টি-২০ বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত সূর্যকুমারকে দলে রাখা হবে কিনা তা নিয়ে বিরাট ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। সূর্যের বয়স এখন ৩৫ বছর। অলিম্পিক পর্যন্ত তাঁর বয়স হবে ৩৭ বছর। ফর্ম দেখাতে না পারলে ততদিন তাঁর দলে থাকা হবে না, এটা ধরেই এগোতে হবে । অন্য সুত্রে জানা গেছে, আগামী জুন-জুলাই মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভারতীয় দল খেলতে যাবে, সেটাই হবে সূর্যকুমার যাদবের অগ্নিপরীক্ষা। ওই সফরে ব্যাট হাতে ভালো খেলতে না পারলে সূর্যকুমার যাদবের ক্রিকেট জীবনে ইতি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।

সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত ১১৩ টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ একদিনের এবং একটি টেস্ট ম্যাচ খেলেছেন। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়া অন্য কোনও ফরম্যাটেই তিনি নিয়মিত নন। এমনকী ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলছেন না।

তবে বড় কথা হল ২০২৭ পর্যন্ত ভারত টি-টোয়েন্টির চেয়ে একদিনের ক্রিকেট বেশি খেলবে। ফলে সূর্যকুমার আর নিয়মিত ক্রিকেটে থাকবেন না বলা যেতেই পারে। তা নিয়েও বোর্ড কর্মকর্তাদের আলোচনার শেষ নেই।