বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ট্রাম্প, হোয়াইট হাউসের ঘোষণা ঘিরে নতুন জল্পনা

Image: IANS

রবিবার বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ দেখতে উপস্থিত থাকবেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসের তরফে সরকারি ভাবে এই ঘোষণা করা হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিক বৈঠকে ট্রাম্পের সূচি ঘোষণা করতে গিয়ে বলেন, ‘রাষ্ট্রপতি রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন’।

বিশ্বকাপ আয়োজন নিয়ে মার্কিন প্রশাসন যে উচ্ছ্বসিত, তাও জানিয়ে দেন লেভিট। তাঁর কথায়, ‘এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক-আকর্ষণকারী, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপ’।


সাংবাদিকদের প্রশ্ন ছিল, ফাইনালে ট্রাম্প কোন দলকে সমর্থন করবেন— লিওনেল মেসির আর্জেন্টিনা, না কি লামিনে ইয়ামালের স্পেনকে? তবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি লেভিট। বরং তিনি বলেন, ‘এই প্রশ্নটা রাষ্ট্রপতিকেই করুন। তাঁর উত্তরটা নিশ্চয়ই বেশ মজার হবে’।

হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ফাইনালের আগে আজ, শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে আয়োজিত একটি ফিফা সংবর্ধনাতেও যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। বিশ্বকাপ চলাকালীন ফিফা সেখানে একটি অস্থায়ী অফিসও চালু করেছে।

বিশ্বকাপে ট্রাম্পের উপস্থিতি এই প্রথম নয়। গত বছর ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তিনি উপস্থিত ছিলেন। এবার বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে তাঁর উপস্থিতি স্বাভাবিকভাবেই বাড়তি রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বও পাচ্ছে।

রবিবার নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের সেরা দল স্পেন। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি সে দিন গ্যালারিতেও নজর থাকবে বিশ্বের সবচেয়ে চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের দিকেও।