বিশ্বসেরা কোচের তালিমে দীপিকাদের গোল-খরা কাটবে, আশা দিলীপ তিরকের

এসেছেন বিশ্বসেরা কোচ। এ বার কি ভারতীয় মহিলা হকি দলের সবচেয়ে বড় দুর্বলতা কেটে যাবে? সর্বভারতীয় হকি সংস্থা ‘হকি ইন্ডিয়া’-র সভাপতি দিলীপ তিরকে তেমনই আশা করে আছেন। তাঁর মতে, রোগ সারানোর জন্য সবচেয়ে বড় ডাক্তার যখন আনা হয়েছে, তখন রোগ তো সারাই উচিত।

মেয়েদের হকি দলের সবচেয়ে বড় রোগ সারাতে নেদারল্যান্ডস থেকে এক বিশ্বসেরা কোচকে নিয়ে এসেছে ‘হকি ইন্ডিয়া’। প্রাক্তন হকি তারকা ও বর্তমানে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের বিশ্বাস, এই কোচ আসার ফলে নবনিত কউর, দীপিকারা গোলের সংখ্যা আরও বাড়াতে পারবেন।

কিন্তু কী সেই সমস্যা, যা ভারতের মহিলা হকি দলের সাফল্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে? বিশেষজ্ঞরা বরাবরই বলে এসেছেন, ড্র্যাগফ্লিকিং-এর দুর্বলতাই মেয়েদের টিম ইন্ডিয়াকে বরাবর ভোগায় এবং এই দুর্বলতার জন্যই গোল পায় না তারা।


এ বার সেই সমস্যারই সমাধান করতে উড়িয়ে আনা হয়েছে বিশ্বের সেরা ড্র্যাগফ্লিক বিশেষজ্ঞ তায়েকে তায়কেমা-কে। আগামী ১৫ থেকে ২১ জুন নিউজিল্যান্ডে এফআইএইচ নেশনস কাপে অংশ নেবে ভারতীয় দল। যেখানে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। নিউজিল্যান্ডেই দলের যোগ দিচ্ছেন তায়কেমা।

হকিতে ড্র্যাগফ্লিকিং খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে গোল করার ক্ষেত্রে এই টেকনিক ভীষণ ভাবে কাজে লাগে খেলোয়াড়দের। ফলে যে দলে ড্র্যাগফ্লিক বিশেষজ্ঞের সংখ্যা বেশি থাকে, সেই দলকেই শক্তিশালী মনে করা হয়। ভারতীয় দলে এই ড্র্যাগফ্লিক বিশেষজ্ঞেরই অভাব। এবং সেই অভাব দূর করতেই প্রাক্তন ডাচ হকি তারকা তায়কেমেকে নিয়ে আসা হয়েছে।

তাঁকে বিশ্বসেরা ড্র্যাগফ্লিকার বলে একবাক্যে স্বীকার করে হকি দুনিয়া। দুশোর ওপর আন্তর্জাতিক ম্যাচে ২২১টি গোল রয়েছে তায়কেমের।আপাতত এফআইএইচ নেশনস কাপে তিনি দলের সঙ্গে থাকবেন ও ভারতীয় দলের অ্যাটাকারদের নিখুঁত ড্র্যাগফ্লিকের তালিম দেবেন। সারা বছর ধরে তিনি একাধিকবার দফায় দফায় দলের সঙ্গে যোগ দিয়ে তালিম দেবেন বলে জানিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি ও প্রাক্তন ভারতীয় হকি তারকা দিলীপ তিরকে।

তায়কেমেকে নিয়ে আসার সিদ্ধান্ত প্রসঙ্গে তিরকে শুক্রবার ফোনে ‘দৈনিক স্টেটসম্যান’-কে বলেন, ‘আমাদের মেয়েদের দলের কোচ জোর্ড মারিন-ই জানিয়েছেন দলের সবচেয়ে বড় দুর্বলতা দুটো জায়গায় রয়েছে। এক, গোলকিপিং এবং দুই, ড্র্যাগফ্লিকিং। গোলকিপারদের কোচের সঙ্গে তাই একজন ড্র্যাগফ্লিকিং কোচও চেয়েছিলেন তিনি। উনি আমাদের সেই প্রস্তাব দেওয়ার পর আমরা আর বেশি সময় নিইনি। তায়কেমের সঙ্গে যোগাযোগ করি। কারণ, ড্র্যাগফ্লিকিংয়ে ওর মতো খেলোয়াড় সারা দুনিয়ায় আর কেউ নেই’।

ভারতীয় দলের তিন খেলোয়াড় দীপিকা, লালথানলুয়াঙ্গি ও অনুকে বেছে নিয়ে তাদের নিয়ে আপাতত আলাদা করে ড্র্যাগফ্লিকের তালিম দিচ্ছেন বলে জানালেন তিরকে। তিনি বলেন, ‘এদের মধ্যে সম্ভাবনা আছে। এদেরই পেনাল্টি কর্নার থেকে গোল করার দায়িত্ব দেওয়া হয়ে থাকে। তাই এদের নিয়েই কাজ করতে বলা হয়েছে তায়কেমেকে। এই শিবিরের পর আশা করি, দীপিকাদের আক্রমণের ধার আরও বাড়বে এবং ভারতীয় দল গোলের সুযোগ আরও ভাল ভাবে কাজে লাগাতে পারবে’।

তায়কেমের আগমন প্রসঙ্গে মেয়েদের দলের কোচ জোর্ড মারিন হকি ইন্ডিয়ার ওয়েবসাইটে বলেন, ‘তায়কেমের অভিজ্ঞতা আমাদের মেয়েদের দারুন কাজে লাগবে। ও শুধু ড্র্যাগফ্লিকে সাহায্য করবে না। ডিফেন্সের খেলোয়াড়দেরও আরও উন্নত করে তুলবে। ওর অভিজ্ঞতা ও দক্ষতাকে আমরা পুরোপুরি কাজে লাগাতে চাই।

আমাদের দলে নবনিত কউরের মতো ভাল ড্র্যাগফ্লিকার ও স্কোরার আছে। ওর সঙ্গে যদি আরও দু-তিনজন ভাল ড্র্যাগফ্লিকার পেয়ে যাই, তা হলে আমাদের আক্রমণের ধার আরও বেড়ে যাবে’। গত মাসে নেশনস কাপের প্রস্তুতি সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১-এ হারায় ভারত। তার আগে এপ্রিলে আর্জেন্টিনার সঙ্গে ২-২-এ সিরিজ ড্র করে তারা। এবার তাদের সামনে নেশনস কাপের কঠিন চ্যালেঞ্জ। বিশ্বসেরা কোচ কতটা কার্যকরী হয়ে উঠতে পারছেন, তার ইঙ্গিত হয়তো এই টুর্নামেন্টেই পাওয়া যাবে।