সম্প্রতি ১৩ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন মহম্মদ শামি। কিন্তু তিনি এই অবসরের সিদ্ধান্ত জানানোর পরেই ভারতীয় ক্রিকেট মহলে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে উইকেট নিয়ে চলেছেন শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও ভাল বোলিং করছেন। তবু ভারতীয় টেস্ট দলে জায়গা হয়নি তাঁর। তা হলে কি কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন নির্বাচক প্রধান অজিত আগরকরের ‘চক্রান্তেই’ বন্ধ হয়ে গিয়েছে শামির প্রত্যাবর্তনের রাস্তা? এই প্রশ্নই তুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার।
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা তো সরাসরি অজিত আগারকরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘অজিত আগারকরের জন্যই শামির ভারতীয় দলে ফেরা হল না। ওর জন্যই শামির ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়। আমি তো বাংলা শিবিরে দেখছি, ও কতটা পরিশ্রমী ও নিজেকে ভাল জায়গায় রাখার জন্য ও কতটা পরিশ্রম করে’।
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও সম্প্রতি বলেছেন, ‘শামির টেস্ট দলে ফেরার যাবতীয় যোগ্যতা ছিল। আমি মনে করি ও আরও ৩০-৪০টা উইকেট পেতে পারত। কেন ওকে বাদ দেওয়া হল, জানি না। তবে অবশ্যই ওর টেস্ট দলে ফেরা উচিত ছিল’।
১৩ বছর আগে, ২০১৩-র ৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। ৬৪টি টেস্টে ২৭.৭১ গড়ে ২২৯টি উইকেট নিয়ে কেরিয়ার শেষ করেন তিনি। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া পেসারদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।
অভিষেক টেস্টেই ন’উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন উত্তরপ্রদেশ থেকে বাংলায় খেলতে আসা এই পেস বোালার। নতুন ও পুরনো বলে সুইং এবং সিম মুভমেন্ট আদায় করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। কিন্তু শেষ টেস্ট খেলেছেন ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে।
রঞ্জিতে ৩৭ উইকেট, তবু জাতীয় দলে ব্রাত্য!
বয়স ৩৬ হলেও ঘরোয়া ক্রিকেটে এখনও যথেষ্ট কার্যকরী তিনি। ২০২৫-২৬ মরসুমে বাংলার হয়ে সাতটি রঞ্জি ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭টি উইকেট নিয়েছিলেন তিনি। চলতি মরসুমেও তিনটি ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে ১৪টি উইকেট।
এই পারফরম্যান্সের পরেও জাতীয় দলে ডাক পাননি তিনি। টেস্ট ক্রিকেট, যেখানে ক্রিকেটারদের অভিজ্ঞতা যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেখানে শামির অভিজ্ঞতাকে কোনো মূল্যই দেওয়া হয়নি। নির্বাচকেরা তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রাক্তন প্রধান নির্বাচক আগারকর একাধিক বার শামির শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু শামি বারবারই বলেছেন, তাঁকে দলে না নেওয়ার কারণ সম্পর্কে কেউ স্পষ্ট করে কিছু জানাননি।
শামি একবার বলেছিলেন, ‘ভাল পারফরম্যান্স করার পরেও কেন আমাকে ভারতীয় দলে বার বার উপেক্ষা করা হচ্ছে, তা আমি জানি না। তবে একটা বিষয় নিশ্চিত, নতুন কোচ (গৌতম গম্ভীর) আসার পর থেকেই আমি আর দলে জায়গা পাচ্ছি না। কোচ আমাকে পছন্দ করেন কি না, অপছন্দ করেন, সেটা জানি না। কিন্তু কেন আমাকে দলে নেওয়া হচ্ছে না, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা কেউ আমাকে দেয়নি’।
পাল্টা প্রশ্ন, সত্যিই কতটা ফিট শামি?
কিন্তু এই ফিটনেস প্রসঙ্গেই আবার পাল্টা প্রশ্ন উঠেছে, রঞ্জি ট্রফিতে ফিটনেসের যে মাপকাঠি, আন্তর্জাতিক ক্রিকেটেও কি সেই একই মাপকাঠিতে ফিটনেস মাপা যায়? বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত এক প্রাক্তন সাপোর্ট স্টাফ প্রশ্ন তুলেছেন, ‘রঞ্জি ট্রফিতে যে মানের ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করতে হয়, টেস্ট ক্রিকেটে কি সেই একই মানের ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করতে হয়? রঞ্জির তুলনায় টেস্টে বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা প্রায় দশগুন কঠিন। বিসিসিআই যে ফিটনেসের মাপকাঠি নির্ধারণ করেছে এখন, সেই মাপকাঠিতে শামি কতটা ফিট, তা নিয়ে প্রশ্ন আছে। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে এখন রঞ্জি স্তরের চেয়ে অনেক বেশি ফিট হতে হয়’।
ভারতীয় ক্রিকেটারদের এই ফিটনেসের মাপকাঠির জন্যই তাদের এখন বিশ্বের বাকি সবকটি জাতীয় দলের তুলনায় সবচেয়ে ফিট বলে মনে করা হয় এবং তাদের সাম্প্রতিক সাফল্যও সেই কারণেই। নিউজিল্যান্ডের অচেনা পরিবেশে ও উইকেটে যে ভাবে সফল হচ্ছেন বোলাররা, তাতে তাদের চরম ফিটনেসেরও যথেষ্ট ভূমিকা আছে বলে মনে করা হয়। রঞ্জি ট্রফিতে সফল হলেও শামির সেই স্তরের ফিটনেস আছে কি না, তা তো পরীক্ষাসাপেক্ষ।
উদাহরণ, ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন
সম্প্রতি ভুবনেশ্বর কুমারকে ভারতীয় দলে ফিরিয়ে যে ফল পাওয়া গিয়েছে, তার উদাহরণও দিয়েছেন অনেকে। গত মাসে নিউজিল্যান্ডে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফেরেন হায়দরাবাদের এই ৩৭ বছর বয়সি পেসার। সেই সিরিজে চারটি ম্যাচে মোট ১৬ ওভার বোলিং করে মোট ১৮০ রান দেন তিনি। অর্থাৎ, গড়ে প্রতি ওভারে ১১.২৫ করে রান দেন। এই চার ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছেন। প্রত্যাবর্তনে ভুবির এই পারফরম্যান্সের পর তাঁর ভারতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত চিরকালের জন্যই বন্ধ হয়ে গিয়েছে।
ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তনের পরে যাঁরা শামিকে ফেরানোর দাবি তুলেছিলেন, তাঁরা হয়তো বুঝতে পারছেন, শামিকে ভারতীয় দলে ফেরালেও হয়তো তাঁর একই পরিণতি হতে পারত। টি টোয়েন্টিতে সারা দিনে মাত্র চার ওভারের বেশি বল করতে না হওয়া সত্ত্বেও ১৬ ওভারে একটির বেশি উইকেট নিতে পারেননি ভুবনেশ্বর, এগারোর ওপর গড়ে রান দিয়েছেন।
সেখানে একদিনের আন্তর্জাতিকে, যেখানে দশ ওভার বল করতে হয় ও টেস্টে, যেখানে বোলিংয়ের কোনো সীমা নেই, প্রয়োজনে সারা দিনে কুড়ি-পঁচিশ ওভারও বোলিং করতে হতে পারে একজন পেসারকে, সেখানে তিনি কতটাই বা কার্যকরী হয়ে উঠতে পারবেন, সে প্রশ্ন তো উঠবেই।
ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেটে কি একই রকম ফিটনেস প্রয়োজন?
শামির ক্ষেত্রেও ব্যাপারটা হয়তো সেরকম। আসলে আন্তর্জাতিক ক্রিকেট ও ভারতের ঘরোয়া ক্রিকেটের মান ও ফিটনেসের মাপকাঠির মধ্যে এখন এতটাই তফাৎ যে, নির্বাচকেরাও এখন রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, ইরানি, দেওধরের পারফরম্যান্স দেখে ভারতীয় দলে নির্বাচন করেন না। বরং আইপিএলের পারফরম্যান্স দেখে জাতীয় দলের ক্রিকেটার বাছতেই তাঁদের বেশি সুবিধা হয়।
গত আইপিএলে শামি ১৩টি ম্যাচে ৫১ ওভার বোলিং করে ১২টি উইকেট নিয়েছিলেন এবং ৪৫৯ রান দিয়েছিলেন। অর্থাৎ গড়ে প্রতি ওভারে ৯ রান করে দিয়েছিলেন। ভুবনেশ্বর কুমার যেখানে ১৬ ওভারে ২৮ উইকেট নিয়েছিলেন এবং সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় কাগিসো রাবাডার পরেই দ্বিতীয় স্থানে ছিলেন, সেখানে শামির এই ১২ উইকেট তাঁকে সেই তালিকায় ২৫ নম্বর স্থানে বসায়।
ভুবনেশ্বর আইপিএলে ওই পারফরম্যান্স দেখানোর পরেও নিউজিল্যান্ডে টি টোয়েন্টি সিরিজে গিয়ে যখন প্রায় মুখ থুবরে পড়েন, তখন শামি কতটাই বা কী করতে পারবেন, তা নিয়ে অনেকেরই সন্দেহ আছে।
মূলত এই ফিটনেসের কারণেই ভারতীয় দলের বর্তমান পরিকল্পনায় তরুণ পেসারদের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণার পাশাপাশি গুরনুর ব্রার ও অংশুল কম্বোজের মতো নতুন মুখদের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্রমশ কঠিন হয়ে উঠেছে।
সাদা বলের ক্রিকেটে ফেরার সম্ভাবনা কতটা?
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেননি শামি। তাঁর অবসর শুধু টেস্ট ক্রিকেট থেকে। সাদা বলের ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপেও তাঁকে বিবেচনা করা হতে পারে, এমন আশা করে আছেন তিনি ও তাঁর ভক্তরা।
২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়েছিলেন শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে নজির গড়েছিলেন। কিন্তু সে তো তিন বছর আগে। এখন এই বদলে যাওয়া ক্রিকেট যুগে তিন বছর সময়টা অনেক।
সেই বিশ্বকাপের পর শামি যে পাঁচটি ওয়ান ডে খেলেন, তাতে তার শিকার সংখ্যা ছিল যথাক্রমে ১, ১, ১, ৫, ০। শেষ তিনটিতে ০, ৩, ১। অর্থাৎ, ধারাবাহিকতার অভাব স্পষ্ট। এই অজুহাতটা নির্বাচকদের হাতে নিজেই তুলে দিয়েছিলেন শামি। মাঠে নেমে তো তিনিই বোলিং করেছিলেন।
সব শেষে যে উদাহরণ দেওয়া উচিত, তা হল, রঞ্জি ট্রফিতে বাংলার শেষ ম্যাচে, ইডেনে, মহারাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে শেষ দিনে একটিও উইকেট ফেলতে পারেননি শামি। প্রথম ইনিংসে মহারাষ্ট্রের টেল এন্ডাররা দেড়শো রান তুলে ম্যাচ বাংলার হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে যান। তখন শামির বোলিংয়ে সেই ছোবল ছিল না। আর শেষ দিনে শামির বোলিং ছিল নির্বিষ। এই শামিকে টেস্ট দলে কী ভাবে নেবেন নির্বাচকেরা?
আগারকর-পরবর্তী যুগে শিকে ছিঁড়বে?
এখন তো আর আগারকর নন, এখন নির্বাচকদের প্রধান প্রজ্ঞান ওঝা, যাঁর সঙ্গে শামি এক সময় এক ড্রেসিংরুমেও সময় কাটিয়েছেন। এই সময় তিনিও তো শামিকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিতে পারতেন। কিন্তু তিনি ও তাঁর সহ-নির্বাচকেরা কি কোচ গৌতম গম্ভীরের আপত্তিতে শামিকে দলে ফেরাতে নারাজ? এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে।
বয়স, ফিটনেস, না কি ভারতীয় ক্রিকেটের বদলে যাওয়া পরিকল্পনা— কোন কারণে শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেট থেকে সরে যেতে হল শামিকে? এখন মূল প্রশ্ন এটাই। ভারতের অন্যতম সেরা পেসারকে কি জাতীয় দলে প্রত্যাবর্তনের ন্যায্য সুযোগ দেওয়া উচিত? শামির টেস্ট-অবসরের পর সেই প্রশ্নের উত্তর নিয়ে জোর চর্চা চলছে দেশের ক্রিকেটমহলে, যার উত্তর আগামী বছর বিশ্বকাপের দল ঘোষণার আগে পাওয়া যাবে বলে মনে হয় না।