টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে এগিয়ে রাখলেন ধোনি

বিশ্বকাপে খেলতে নামার আগে এবার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলকে সতর্কবার্তা দিলেন। ধোনি স্পষ্ট জানিয়ে দিলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার বিষয়ে ভারত নিঃসন্দেহে ফেভারিট। এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ছড়াছড়ি। ধোনির মতে, দলের প্রত্যেক খেলোয়াড় জানেন তাঁদের ভূমিকা ঠিক কী। সেই কাজটা প্রত্যেকেই ভাল করে করছেন। সেজন্য, বিশ্বকাপ শুরু হওয়ার আগে অধিনায়ক সূর্যকুমার যাদবের দলকেই এগিয়ে রাখলেন তিনি।

তবে, বিশ্বকাপ শুরুর আগে প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের প্রধান চিন্তা শিশির। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখেও এই শিশিরের কথা বারবার শোনা গেছে। এবার বিষয়টা নিয়ে ধোনিকেও বেশ চিন্তিত শোনাল। তিনি বলেন, শিশির এমন একটা বিষয় যেটা সহজেই খেলার ছবি বদলে দিতে পারে। আর এজন্য বিশ্বকাপের ম্যাচগুলিতে টস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন ধোনি।

এদিকে, বিরাট-রোহিতকে কি আগামী ২০২৭ একদিনের বিশ্বকাপে খেলতে দেখা যাবে ? দীর্ঘদিন বাদে বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ধোনি। তাঁর স্পষ্ট বক্তব্য, কেউ চাইলে খেলতেই পারে। আর এরপরেই কিছুটা বিপরীত সুরে ধোনি বলেন, বয়স কোনও ফ্যাক্টর নয়। মাঠে ফিটনেস আর পারফরম্যান্সটাই আসল কথা।


এক্ষেত্রে নিজের প্রসঙ্গ তুলে মাহি জানান, তিনি ২৪ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক করেছিলেন। তখন তো কেউ কিছু বলেনি। তিনি আরও বলেন, ২২ বছর বয়সী কোনও ক্রিকেটার যদি ফিট না হয়, তাহলে দলে তাঁর জায়গা পাওয়া উচিত নয়। পাশাপাশি, বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার জন্য যে অভিজ্ঞতা প্রয়োজন হয় সে কথাও জানাতে ভুললেন না। আর বর্তমান ভারতীয় দলে সেই অভিজ্ঞতা রোহিত-কোহলির থেকে বেশি কারও নেই। ধোনি জানান, একজন তরুণ ক্রিকেটারের থেকে শচীন তেন্ডুলকরের মতো অভিজ্ঞতা পাওয়ার আশা করা উচিত নয়। কারণ, অভিজ্ঞতা ১০-১২ বছর খেলার পর অর্জন হয়। ধোনির মতে, রোহিত, বিরাট দীর্ঘদিন ধরে খেলছে। তাই ওঁরা দলে থাকলে বাকিদের সুবিধা হবে। নির্বাচকদের উদ্দেশ্যে দল নির্বাচনের ক্ষেত্রে সেই দিকটাও ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের স্পষ্ট জবাব কঠিন সময়ে পরিস্থিতি সামলাতে বিরাট-রোহিতকে দরকার। তাই, দেশের স্বার্থের কথা মাথায় রেখে বিশ্বকাপ দলগঠনের সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মনে করছেন ধোনি।

তবে, প্রাক্তন ক্রিকেটারদের মতো অনেকেই ধারাভাষ্য দিয়ে থাকেন। সেই ভূমিকায় ধোনিকে দেখার সম্ভাবনা নেই, সেকথাও জানাতে ভুল করেননি তিনি। ধোনি স্পষ্ট জানান কমেন্ট্রি তাঁর জন্য নয়। প্রাক্তন ভারত অধিনায়ক জানান, এই কাজটা যতটা সহজ দেখায়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম এবং কঠিন।