বাড়তি সময় পাওয়া সত্ত্বেও ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলার জন্য বকেয়া ‘পার্টিসিপেশন ফি’ জমা দিতে পারল না ডায়মন্ড হারবার এফসি-র (DHFC), আইএসএলে (ISL) খেলার জন্য ফেডারেশনের কাছে তারা বাড়তি সময় চেয়ে আবেদন জানিয়েছিল। তাদের সেই সময়ও দেওয়া হয়েছিল। বুধবার দুপুর দুটো পর্যন্ত তাদের সময় দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। কিন্তু এই সময়ের মধ্যেও বকেয়া ফি মেটাতে পারল না তারা।
আজ, ১৯ আগস্ট দুপুর দুটোর মধ্যে বকেয়া ৫৫ লক্ষ টাকা জমা দিতে হবে ডায়মন্ড হারবারকে (DHFC), এমনই জানিয়ে দিয়েছিল ফেডারেশন। না পারলে নতুন কোনও দল যোগ না করেই ১৩টি দল নিয়ে শুরু হবে আইএসএল (ISL), এমনটাও জানিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই টাকা তারা জমা দিতে না পারায় এখন তাদের সেই সিদ্ধান্তেই অটল থাকবে কি না ফেডারেশন, সেটাই দেখার।
রাজনীতিবিদ অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের ক্লাব বলে পরিচিত ডায়মন্ড হারবার এফসি (DHFC) গত মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ বছর আইএসএলে (ISL) খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের জেরে অভিষেকের ক্লাবের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে।
আরও পড়ুন:আইএসএলে খেলতে আগ্রহী ডায়মন্ড হারবার এফসি? আজ দুপুরের পর সিদ্ধান্ত
এ মরসুমে তারা কলকাতা লিগ ও ডুরান্ড কাপ (Durand Cup) দুই প্রতিযোগিতা থেকেই নাম তুলে নেয়। ফলে আইএসএলেও (ISL) অংশ নেবে কি না, তা নিয়েও সংশয় আগে থেকেই ছিল। কিন্তু যে ভাবে জামশেদপুর এফসি তাদের মালিকানা চার্চিল ব্রাদার্সের হাতে তুলে দিয়েছে, সে ভাবেই মালিকানা বদল করে ক্লাবকে বাঁচানো যায় কি না, সে রকম চিন্তা ভাবনাও ক্লাব কর্তৃপক্ষের ছিল বলে খবর পাওয়া যায়।
সেই জন্যই ফেডারেশনের কাছে বাড়তি সময় চেয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনও চুক্তি সম্ভবত তারা করে উঠতে পারেনি। ফলে ‘পার্টিসিপেশন ফি’-ও জমা দিতে পারেনি তারা। ও দিকে চার্চিল ব্রাদার্স অপেক্ষায় থাকলেও জামশেদপুর এফসি-র মালিকানা পেয়ে যাওয়ায় তাদের অপেক্ষাও শেষ হয়েছে। গত আইলিগের রানার্স-আপ শিলং লাজং এফসি আগেই জানিয়ে দিয়েছে, অর্থের অভাবে তারা আইএসএলের (ISL) মানের দল গড়তে পারবে না। ফলে তাদের পক্ষে দেশের এক নম্বর লিগে খেলাও তাদের পক্ষে সম্ভব নয়।
প্রতিটি ক্লাবকে এ বারের আইএসএলে (ISL) অংশ নিতে মোট এক কোটি ১০ লক্ষ টাকা ফি দিতে হচ্ছে। দু’টি কিস্তিতে ৫৫ লক্ষ টাকা করে জমা দেওয়ার কথা। ডায়মন্ড হারবার প্রথম কিস্তি দিয়েছিল। ক্লাবের আই লিগ জয়ের প্রাইজ মানি থেকে সেই অর্থ কেটে নেওয়া হয়েছিল বলে খবর। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা বাকি ছিল। শেষ পর্যন্ত তাও দিতে পারল না তারা।
আরও পড়ুন: বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? আসল সত্য কী?
গতবার আইএসএল (ISL)থেকে অবনমন হয়ে যাওয়া মহমেডান এসসি মাস খানেক আগে আইএসএলে খেলার ইচ্ছা প্রকাশ করে ফেডারেশনের কাছে আবেদন জানালেও ক্লাবের সাম্প্রতিক আভ্যন্তরীন প্রশাসনিক সমস্যার জন্য শেষ পর্যন্ত তারা সেই জায়গা থেকে পিছিয়ে যায়। ফলে ডায়মন্ড হারবার এফসি(DHFC) না খেললে আর কোনো দলকেই পাওয়ার সম্ভাবনা কম।
এ সব কথা মাথায় রেখেই ফেডারেশন আগেই জানিয়ে দিয়েছিল ১৩ দল নিয়েই হবে এ বারের আইএসএল (ISL) , যা অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুরু হবে বলে ঠিক হয়েছে। চলবে এপ্রিল-মে পর্যন্ত। অবশ্য মাস দুয়েক আগেও আইএসএলের (ISL) মিডিয়া সত্ত্ব নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। এই বিষয়ে উদ্যোগ নিয়েছে ক্লাব জোট, যারা আগামী দুবছরের জন্য আইএসএল আয়োজনের দায়িত্ব নিয়েছে।
জানা গিয়েছে জি স্পোর্টস ও সোনি স্পোর্টসের সঙ্গে কথা বলেছিল ক্লাব জোট। দুই সংস্থাকেই তারা মিডিয়া সত্ত্বের জন্য আবেদনে রাজি করিয়েছে। অন্যদিকে, গুগল-ও আইএসএলের (ISL) মিডিয়া সত্ত্ব নিয়ে আগ্রহী বলে জানা গিয়েছে। তবে ম্যাচের সম্প্রচার যদি ইউটিউবে হয়, তা হলেই নাকি তারা এই বিষয়ে এগোতে পারে বলে জানিয়েছে ক্লাব জোটকে।
দেখুন: রেললাইনে হাতির নিরাপদ পারাপার, বনকর্মীদের তৎপরতার প্রশংসা আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের