সায়নের দুরন্ত বোলিংয়ের পরও ব্যাটাররা ব্যর্থ, সুদীপ-শাহবাজের লড়াইয়েও মুস্তাক আলির প্রথম ম্যাচে শেষ রক্ষা হল না বাংলার

Sayan Ghosh Photo-SNS

সায়ন ঘোষের চার উইকেট, সুদীপ কুমার ঘরামির ৬৫ ও শাহবাদ আহমেদের ৫৬ রানের ইনিংস সত্ত্বেও জয়ের মুখ দেখতে পেল না বাংলা। জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই হোঁচট খেল তারা।

শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে কর্নাটককে ব্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। মণীষ পাণ্ডে-সহ কর্নাটকের ব্যাটারদের সারা ইনিংসে বেশ চাপে রাখেন বাংলার বোলাররা। করুণ নায়ার (৫৩) ছাড়া আর কোনো ব্যাটারই ৫০-এর কাছাকাছিও পৌঁছতে পারেননি। করুণ ৩৫ বলে ৫৩ রান করেন সাতটি বাউন্ডারি হাঁকিয়ে।

বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন সায়ন ঘোষ, যিনি দিন দুয়েক আগেই তাঁর বাবাকে হারিয়েছেন। প্রয়াত পিতার শেষকৃত্য সেরে মুম্বইয়ে বাংলা শিবিরে যোগ দিতে আসা সায়ন তাঁর দুরন্ত বোলিং পারফরম্যান্সের মাধ্যমেই তাঁর জন্মদাতাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এদিন। চার ওভারে ২৮ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি।


ওপেনার লভনিথ সিসোদিয়া (২৭), পাঁচ নম্ব্বরে ব্যাট করতে আসা অভিনব মনোহর (১৯), আট ও ন’নম্বর ব্যাটার যথাক্রমে রীতেশ ভটকাল (১) ও শিখর শেট্টি (১)-কে ফিরিয়ে দেন তিনি। শেষ দুজনের স্টাম্প ছিটকে দেন সায়ন। তবে মহম্মদ শামি, মুকেশ কুমারদের কাছ থেকে প্রত্যাশিত আগ্রাসী বোলিং দেখতে পাওয়া যায়নি।

ওয়াংখেড়ের উইকেটে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা শামি একটির বেশি উইকেট পাননি। চার ওভারে ৫৬ রান দিয়ে এদিন বাংলার সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনিই। তাও ফেরান প্রতিপক্ষের ১১ নম্বর ব্যাটার অভিলাষ শেট্টিকে। সদ্য নিউজিল্যান্ড থেকে আসা মুকেশ কুমার জোড়া উইকেট পান ৪৫ রান দিয়ে। দুটি উইকেট নেন স্পিনার প্রদীপ্ত প্রামানিকও।

১৮৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলার ব্যাটিংয়ে ধস নামে। ওপেনার অভিষেক পোড়েল ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ প্রথম তিন বলের মধ্যেই ফিরে যান কোনো রান না করে। দলের ২৪ রানের মাথায় ফিরে যান করণ লাল (৯)। করণ লাল ফেরার চার বল পরেই ঋষভ চৌধুরিও ফিরে যান।

বাংলা যখন ২৪ রানে চার উইকেট হারিয়ে বিপন্ন, তখনই দলের হাল ধরেন সুদীপ কুমার ঘরামি (৪২ বলে ৬৫) ও শাহবাজ আহমেদ (৩৭ বলে ৫৬)। সুদীপ ছ’টি বাউন্ডারি ও চারটি ছয় মারেন। শাহবাজ দুটি চার ও চারটি ছয় হাঁকান। তাঁদের ৯৬ রানের পার্টনারশিপ বাংলার সন্মান বাঁচালেও হার বাঁচাতে পারেনি।

দলের ১২০ রানের মাথায় সুদীপ ফিরে যাওয়ার পরই ফের যাওয়া-আসা শুরু করেন বাংলার ব্যাটাররা। কর্নাটকের দুই বোলার ম্যাচের সেরা অভিলাষ শেট্টি (৪-২৬), বিজয়কুমার বৈশাখ (৩-২৮) ও মনবন্ত কুমারের (২-৩৫) দাপট সামলাতে না পেরে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি বাংলা।