কলকাতা লিগের ডার্বি ৭ সেপ্টেম্বর, বারাসাতে, ঘোষণা আইএফএ-র

Derby In CFL Photo-SNS

সব জল্পনার অবসান। চূড়ান্ত হলো কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচের দিনক্ষণ। প্রাথমিকভাবে চলতি সপ্তাহের শেষ দিকে এই ম্যাচটি আয়োজন করার কথা থাকলেও পর্যাপ্ত পুলিশের অভাবে তা সম্ভব হয়নি। আসলে, ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী। যার ফলে, প্রয়োজনীয় পুলিশের ব্যবস্থা করা যাচ্ছিলো না। পাশাপাশি, ফ্লাডলাইট নিয়েও কিছু সমস্যা ছিল। ফলে, সবমিলিয়ে জটিলতা বাড়ছিল।

এই অবস্থায় মঙ্গলবার আইএফএ, পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে। তার পরেই চূড়ান্ত হয় দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর বারাসাত স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই চির-প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়।

Vidyasagar Krirangan Photo-SNS

এই প্রসঙ্গে বলা যায়, বারসাত স্টেডিয়ামে এই প্রথম ডার্বি হতে চলেছে। এর আগে কলকাতা লিগের অন্যান্য ম্যাচ হলেও ডার্বি এই প্রথম। গত বছরও আইএফএ এই স্টেডিয়ামেই ডার্বি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু, শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে তা কল্যাণীতে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় জানান, বারাসতে এই প্রথম কোনও ডার্বি ম্যাচ হতে চলেছে। একইসঙ্গে, ডার্বিতে মাঠের মান নিয়েও অভিযোগ না আসার ব্যাপারে আশাবাদী তিনি। বিধায়কের কথায়, চলতি কলকাতা লিগে বেশ কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে। তবে, কোনও দলের পক্ষ থেকে ম্যাচ নিয়ে কোনোরকম অভিযোগ পাওয়া যায়নি। ডার্বিতেও তার অন্যথা হবে না বলেই জানান তিনি।


এদিকে, মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে রেলওয়ে এফসি-র কাছে ৫-২ গোলে হেরে গেল খিদিরপুর ক্লাব। এই ম্যাচে দুই দলের ৬ জন লাল কার্ড দেখেন। অন্য ম্যাচে কালীঘাট মিলন সংঘ ৪-০ গোলে হারালো বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কর্পোরেশনকে।