আগামী রবিবার বাঙালির চিরাচরিত বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের ডার্বি ম্যাচেই হয়তো নির্ধারিত হতে চলেছে চলতি আইএসএলের সেরার শিরোপা উঠবে কোন দলের হাতে। আসলে, পয়েন্ট তালিকায় অবস্থানের বিচারে একই বিন্দুতে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
তবে, গোল পার্থক্যে এগিয়ে থাকায় আপাতত শীর্ষস্থান বজায় রেখেছে লাল-হলুদ ব্রিগেড। যদিও, খেতাব জিততে গেলে দুই দলের কাছেই এই ম্যাচ জেতা ছাড়া উপায় নেই। ফলে, স্বাভাবিকভাবেই বাঙালির এই বড় ম্যাচকে ঘিরে ক্রমেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় ৬৩ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বড় ম্যাচের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে রবিবার অতিরিক্ত বাস মেট্রো ও ফেরির ব্যবস্থা করা হয়েছে।
ডার্বি আবহে নিজেদের মতো করে প্রস্তুতি সারছে কলকাতার দুই প্রধান। বৃহস্পতিবারের পর শুক্রবারও মিনিট পঁয়তাল্লিশের হালকা অনুশীলন সারলেন সবুজ-মেরুন ফুটবলাররা। মূলত, ফুটবলারদের তরতাজা রাখতেই ডার্বির আগে অনুশীলনের সময় কিছুটা কমিয়েছেন বাগানের হেড কোচ সার্জিও লোবেরো।
তবে, এদিন সাইড লাইনের ধারে কিছুটা সময় কাটাতে দেখা যায় অভিষেক সিং’কে। এমনকি, অনুশীলন শেষ হওয়ার মিনিট পনেরো আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। এদিকে, অনুশীলন শেষে পায়ে বরফ বেঁধে মাঠ ছাড়লেন অজি তারকা জেমি ম্যাকরালেন। যদিও, এই দু’জনের চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। ডার্বিতে তাঁদের হয়তো মাঠে নামতে অসুবিধা হবে না।
যুবভারতীর ওপর প্র্যাক্টিস গ্রাউন্ডে ডার্বির আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গলও। বড় ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে দলের সঙ্গে পুরোদমেই প্রস্তুতি সারলেন লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখান গিল। বৃহস্পতিবার জ্বর থাকায় দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। ডার্বির আগে খেলোয়াড়দের উৎসাহিত করতে দুই দলেরই বেশকিছু সর্মথক এদিন মাঠে হাজির হয়েছিলেন। এদিকে, শুক্রুবার বিনিয়োগকারী সংস্থার একটি অনুষ্ঠানে কলকাতার এক পাঁচতারা হোটেলে হাজির হয়েছিলেন দুই প্রধানের তারকা ফুটবলার’রা। ইস্টবেঙ্গলের হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিপিন সিং, এডমুন্ড লালরিন্ডিকা এবং অ্যাণ্টন সজবার্গ। অন্যদিকে, মোহনবাগানের হয়ে হাজির ছিলেন জেমি ম্যাকলারেন, শুভাশিস বসু এবং গোলরক্ষক বিশাল কাইথ। বল হাতে নিয়ে একসঙ্গে ছবি তোলেন সবুজ-মেরুনের তারকা শুভাশিস বসু এবং ইস্টবেঙ্গলের বিদেশি স্ট্রাইকার অ্যাণ্টন সজবার্গ।