সৌরভের আপত্তি খারিজ দিল্লি হাই কোর্টে, মুক্তিতে বাধা নেই ‘দুসরা’র! মামলায় কী বলল আদালত?

Sourav Ganguly Film Photo-SNS

লর্ডসে জার্সি খুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ঐতিহাসিক সেলিব্রেশন! ২০০২-এর ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর সৌরভের সেই দৃশ্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজও স্মরণীয়। এ বার সেই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কে ‘দুসরা’ ছবির মুক্তি। ছবিতে তাঁর ব্যক্তিত্ব ও ক্রিকেটজীবনের ঘটনা অনুমতি ছাড়া বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। কিন্তু ছবি মুক্তিতে স্থগিতাদেশ দিতে রাজি হল না দিল্লি হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি দিনেশ ভট্টের অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দেয়, আজ, ২৩ অক্টোবর নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি। আদালতের পর্যবেক্ষণ, প্রাথমিক ভাবে ছবির নির্মাতাদের স্বার্থের দিকটিও বিবেচনা করা প্রয়োজন। বিচারপতি বলেন, ‘আমি স্থগিতাদেশ দিইনি। তাই ছবিটি মুক্তি পেতে পারে।’

কী অভিযোগ সৌরভের?


সৌরভের পাশাপাশি আদালতে মামলা করেছে ছবি নির্মাতা সংস্থা লাভ ফিল্মস এলএলপি। সৌরভের জীবন ও ক্রিকেটজীবন নিয়ে অনুমোদিত জীবনীচিত্র তৈরির স্বত্ব তাদের কাছে রয়েছে বলে দাবি সংস্থাটির। সেই ছবির নাম ‘দাদা—দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’। আগামী বছর ১৪ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

মামলাকারীদের অভিযোগ, ‘দুসরা’র প্রচার এবং ট্রেলারে সৌরভের নাম, পরিচিতি, নেতৃত্ব এবং ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালের একাধিক ঐতিহাসিক মুহূর্ত ব্যবহার করা হয়েছে। বিশেষ করে লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়ানোর দৃশ্যকে ছবির প্রচারে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌরভের জনপ্রিয়তাকে বাণিজ্যিক ভাবে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

সৌরভ ও লাভ ফিল্মসের দাবি, তাঁদের অনুমতি ছাড়া এই ধরনের দৃশ্য ব্যবহার করলে দর্শকদের মনে ছবিটির সঙ্গে সৌরভের সরাসরি যোগ রয়েছে বলে ধারণা তৈরি হতে পারে। তাই ছবির প্রেক্ষাগৃহে মুক্তি, ডিজিটাল মাধ্যমে প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রচারসামগ্রী ছড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়েছিলেন তাঁরা।

নির্মাতাদের পাল্টা যুক্তি

তবে ছবির নির্মাতাদের আইনজীবী আদালতে জানিয়েছেন, ‘দুসরা’ সৌরভের জীবনীচিত্র নয়। রাজস্থানের এক তরুণী তারার জীবনসংগ্রামকে কেন্দ্র করে ছবির গল্প। সৌরভের ক্রিকেটজীবনের কয়েকটি ঘটনা তাকে নিজের জীবনের বাধা অতিক্রম করার অনুপ্রেরণা জোগায়।

নির্মাতাদের আরও দাবি, ন্যাটওয়েস্ট সিরিজের ম্যাচের দৃশ্য ব্যবহারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। সেই ফুটেজের উপর সৌরভের একক অধিকার নেই বলেও আদালতে যুক্তি দেওয়া হয়েছে।

কী আছে ‘দুসরা’-য়?

‘দুসরা’ পরিচালনা করেছেন অভিনয় দেও। ছবিতে তারার চরিত্রে অভিনয় করেছেন প্লাবিতা বোরঠাকুর। ২০০২ এর ন্যাটওয়েস্ট ফাইনালের ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে এক তরুণীর স্বাধীনতা ও আত্মপ্রতিষ্ঠার লড়াই তুলে ধরেছে ছবিটি। ‘দুসরা’ আসলে একটি স্পোর্টস ড্রামা।

গল্পের কেন্দ্রে রয়েছে তারা (প্লাবিতা বোরঠাকুর) নামের এক তরুণী, যে রাজস্থানের একটি অত্যন্ত রক্ষণশীল পরিবারে বড় হচ্ছে। তার বাবা (অঙ্কুর বিকল) সমাজের নিয়ম আর পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা দিয়ে তারার জীবনকে নিয়ন্ত্রণ করতে চান। তারা এই দমবন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে চায়।

সিনেমার সমান্তরাল ট্র্যাকে দেখানো হয়েছে নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০০০ সালের শুরুর দিকে ভারতীয় ক্রিকেট দলের বদলে যাওয়ার গল্প। বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হওয়ার পর কীভাবে ভারতীয় দল ভীরু মনোভাব ঝেড়ে ফেলে যে কোনো পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়াই করতে শেখে, তা দেখানো হয়েছে আর্কাইভাল ফুটেজের মাধ্যমে।

ছবির মূল ক্লাইম্যাক্স আবর্তিত হয়েছে ২০০২-এর ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐতিহাসিক ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে। ভারত যখন অলৌকিকভাবে ম্যাচটি জিতে যায় এবং অধিনায়ক সৌরভ লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি উড়িয়ে সেলিব্রেট করেন, সেই দৃশ্যটি তারার মনে এক অদ্ভুত সাহসের জন্ম দেয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই নির্ভীক ও বিদ্রোহী রূপ দেখে তারা অনুপ্রাণিত হয়। সে বুঝতে পারে, নিজের অধিকার ও স্বাধীনতার জন্য তাকেও সমাজের ও পরিবারের তৈরি করা গণ্ডী ভেঙে রুখে দাঁড়াতে হবে। ক্রিকেটের একটি জয় কীভাবে ভারতের একটি সাধারণ মেয়ের জীবনকে বদলে দেয়, তা নিয়েই এই সিনেমা।