২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে গ্রুপ ‘বি’-তে মালদ্বীপ এবং পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত। শনিবার ভুটানের থিম্পুতে ড্রয়ের মাধ্যমে এই টুর্নামেন্টের গ্রুপ নির্ধারিত হয়। উপমহাদেশের এই প্রতিযোগিতার ১৫তম সংস্করণ ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হবে ঢাকায়।
এ বার দশম সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নজির গড়ার লক্ষ্যে নামবে গতবারের চ্যাম্পিয়ন ভারত। তারা প্রথম ম্যাচ খেলবে ৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। এরপর ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত।
অন্যদিকে, আয়োজক বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটান রয়েছে গ্রুপ ‘এ’-তে। যদি আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে ফিফা নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের উপর থেকে নির্বাসন তুলে নেয়, তা হলে নেপালও গ্রুপ ‘এ’-তে যোগ দেবে। তবে নির্বাসন বহাল থাকলে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ছ’টি দলই অংশ নেবে।
প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ‘বি’-র রানার্সের বিরুদ্ধে এবং গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন মুখোমুখি হবে গ্রুপ ‘এ’-র রানার্সের। দুই সেমিফাইনাল হবে ১৪ নভেম্বর এবং ফাইনাল ১৭ নভেম্বর।
গ্রুপ পর্বের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপের বিরুদ্ধে ভারতের অতীতের পরিসংখ্যান বেশ ভালো। পাকিস্তানের বিরুদ্ধে ২৫টি ম্যাচে ভারত জিতেছে ১৬টিতে, ড্র করেছে সাতটিতে এবং হেরেছে মাত্র দু’টি। দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৩-এ সাফ চ্যাম্পিয়নশিপে, যেখানে ভারত ৪-০-য় দাপুটে জয় পায়।
মালদ্বীপের বিরুদ্ধে ১৮টি ম্যাচে ভারত ১৩টি জয় পেয়েছে ও দু’টি ড্র করেছে এবং তিনটিতে হারে। দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৫-এর মার্চে শিলংয়ে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে, যেখানে আয়োজক ভারত ৩-০-য় জিতেছিল।
ভারত এখন পর্যন্ত মোট ন’বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে—১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ এবং সব শেষে ২০২৩-এ। বেঙ্গালুরুতে সেই ফাইনালে কুয়েতকে হারিয়ে খেতাব জিতেছিল ভারত।
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: গ্রুপ বিভাজন
গ্রুপ ‘এ’: বাংলাদেশ (আয়োজক), শ্রীলঙ্কা, ভুটান এবং নেপাল (ফিফা নির্বাসন তুললে)
গ্রুপ ‘বি’: ভারত, মালদ্বীপ, পাকিস্তান
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ভারতের সূচি
৫ নভেম্বর: পাকিস্তান বনাম ভারত
১১ নভেম্বর: ভারত বনাম মালদ্বীপ
১৪ নভেম্বর: সেমিফাইনাল
১৭ নভেম্বর: ফাইনাল
ভেন্যু: ঢাকা, বাংলাদেশ