ইস্টবেঙ্গলে যোগ দিলেন ড্যানি রামিরেজ

বরিস সিংয়ের পর ইস্টবেঙ্গল দলে নিল পাঞ্জাব এফসির স্প্যানিশ মিডফিল্ডার ড্যানি রামিরেজকে। গত মরসুমে পাঞ্জাবের হয়ে দুরন্ত ফুটবল খেলেছিলেন বছর তেত্রিশের এই মিডিও। আইএসএলের তেরো ম্যাচে চার গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে। এছাড়াও, আগামী মরসুমের জন্য প্যালেস্টাইন মিডফিল্ডার মহম্মদ রশিদকে ধরে রাখতে সক্ষম হয়েছে ক্লাব। চুক্তিবৃদ্ধি করেছে গোলরক্ষক প্রভসুখান গিলও।

দলের নেওয়া হয়েছে এফসি গোয়ার ভারতীয় তারকা বরিস সিং’কেও। তবে, চাপ বাড়ছে ডিফেন্ডার কেভিন সিবিলে’কে নিয়ে। গত মরসুমে ইস্টবেঙ্গল জার্সিতে দুরন্ত ফুটবল খেলা এই আর্জেন্টাইন ডিফেন্ডারের কাছে একাধিক ক্লাবের প্রস্তাব আছে। সেই তালিকায় আইএসএলের একাধিক ক্লাবের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের ক্লাবও রয়েছে। যদিও, মিগুয়েল হাতছাড়া হওয়ার পর তাঁকে ধরে রাখার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল।

আসলে, এই মরসুমে দল গঠনের ক্ষেত্রে বাজেট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে লাল-হলুদ ব্রিগেডের জন্য। ইমামি এখনও অবধি বিশেষ আগ্রহ না দেখানোয় ক্লাবকর্তারা নিজেদের উদোগ্যেই দল গড়ছে। এসবের মাঝে আইডাব্লুএল চ্যাম্পিয়ন মহিলা দল গঠনের কাজও প্রায় থমকে রয়েছে।


অন্যদিকে সবুজ-মেরুনে যোগ দিয়ে উচ্ছসিত রাহুল ভেকে জানান, মোহনবাগানের মতো দেশের অন্যতম সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে তিনি গর্বিত। এখানে জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থ রয়েছে, তাই মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে, সমর্থকদের যে সেরা খেলা উপহার দিতে চান তিনি তা জানতেও ভুললেন না