আসন্ন মরসুমের জন্য স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার তথা পাঞ্জাব এফসির প্রাক্তন ফুটবলার ড্যানি রামিরেজেকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। গত মরসুমে পাঞ্জাব এফসির হয়ে আইএসএলে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন রামিরেজ। ফলে, তাঁর অন্তর্ভুক্তি যে লাল-হলুদ ব্রিগেডের শক্তি নিঃসন্দেহে অনেকটাই বাড়াবে, তা বলাই বাহুল্য। পাশাপাশি, দানিশ ফারুখের নামও জানানো হয়েছে।
আসন্ন মরসুমে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রিলিমিনারি স্টেজে মাঠে নামবে ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যেই শক্তিশালী দলগঠনে মাঠে নেমেছে কর্মকর্তারা। ইনভেস্টর সরে গেলেও দলগঠনের কাজে কোনোরকম খামতি রাখতে রাজি নয় ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই বেশকিছু ফুটবলারের চুক্তিবৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, ভারতের অন্যতম ডিফেন্ডার সন্দেশ ঝিংঘানকেও দলে নিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। সেইলক্ষ্যে কথাবার্তাও চালাচ্ছে কর্তারা। অন্যদিকে ২০২৮ সাল পৰ্যন্ত ইস্টবেঙ্গলের জাৰ্সিতেই দেখা যাবে ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে। জানা গিয়েছে, এবারের দলগঠনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে জুপিটার ওয়াগনস।
এদিকে, এদিনই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে স্ট্রাইকার অ্যান্তন সোজবার্গকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করা হল। সিনিয়র দলের পাশাপাশি মহিলা দলগঠনের ক্ষেত্রেও খামতি রাখতে চাইছে না লাল-হলুদ শিবির। ইতিমধ্যেই অনুরধ ২০ জাতীয় দলের অন্যতম খেলোয়াড় অঞ্জু চানুকে দলে নিয়েছে তারা। দলে ফিরেছেন বাঙালি উইঙ্গার রিম্পা হালদারও।