ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা দলগুলির মহারণ। তবে এবারের বিশ্বকাপে বড় শক্তিগুলির পাশাপাশি নজর কেড়েছে এক ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রও। দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দেশ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে। মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার আয়তন এবং প্রায় দেড় লক্ষ জনসংখ্যার এই দেশ এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু।
কুরাসাওয়ের জনসংখ্যা ভারতের একটি মাঝারি শহরের থেকেও কম। কিন্তু আকারে ছোট হলেও তাদের স্বপ্ন বিশাল। বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন ফুটবলার থেকে সাধারণ মানুষ— সবাই। দেশজুড়ে এখন একটাই আলোচনা, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে নিজেদের পরিচয় তুলে ধরা।
ফিফার ওয়েবসাইটে নিজের অনুভূতির কথা জানিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার তাহিথ চোং। ২৬ বছর বয়সী এই ফুটবলার দীর্ঘ সময় নেদারল্যান্ডসে কাটিয়েছেন এবং ডাচ জাতীয় দলের বয়সভিত্তিক বিভিন্ন স্তরেও খেলেছেন। কিন্তু বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি কুরাসাওয়ের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি।
২০২৫ সালে কুরাসাও জাতীয় দলের হয়ে অভিষেক হয় চোংয়ের। প্রথম থেকেই তিনি নিজের প্রতিভার পরিচয় দেন। বিশ্বকাপ বাছাইপর্বে বারমুডার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোল করে দলের সাফল্যে বড় ভূমিকা পালন করেন। তাঁর পারফরম্যান্স কুরাসাওয়ের বিশ্বকাপের মূলপর্বে পৌঁছনোর পথে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হচ্ছে।
বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর থেকেই দেশজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। সেই উচ্ছ্বাস এখনও কাটেনি বলে জানিয়েছেন চোং। তাঁর কথায়, “বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পর প্রায় পাঁচ মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও সেই আনন্দের ঘোর কাটেনি। কুরাসাওয়ের মানুষের ঘুম উড়ে গিয়েছে উত্তেজনায়। সবাই চায় বিশ্বের সামনে দেশের নাম উজ্জ্বল হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “সত্যি বলতে এখনও অনেক ফুটবলপ্রেমী কুরাসাও সম্পর্কে খুব বেশি জানেন না। কিন্তু আমরা প্রমাণ করতে চাই যে শুধুমাত্র ভাগ্যের জোরে নয়, নিজেদের যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের ফলেই আমরা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছি।”
বিশ্বকাপের মতো বড় মঞ্চে কুরাসাওয়ের অংশগ্রহণ শুধু একটি দেশের ক্রীড়া সাফল্য নয়, বরং ছোট দেশগুলির স্বপ্নপূরণের এক অনুপ্রেরণামূলক গল্প। এখন দেখার, বিশ্ব ফুটবলের মহামঞ্চে কুরাসাও কতটা চমক দেখাতে পারে।