‘সম্ভবত এটাই শেষ মরসুম’— অবসরের ইঙ্গিত রোনাল্ডোর, ফুটবল ছাড়ার পর কী করবেন, তাও জানিয়ে দিলেন

File Photo

৪১ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় জানানোর জোরালো ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের অধিনায়ক জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরসুমই সম্ভবত তাঁর পেশাদার ফুটবলার জীবনের শেষ মরসুম।

একটি সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই’। তাঁর এই মন্তব্যের পরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে, কবে বুট জোড়া তুলে রাখবেন ফুটবলের অন্যতম সেরা তারকা।

২০০২-এ স্পোর্টিং লিসবনের হয়ে সিনিয়র ফুটবলে পা রেখেছিলেন রোনাল্ডো। তার পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে এখন সৌদি আরবের আল-নাসেরে খেলছেন তিনি। পাঁচ বার ব্যালন ডি’অর জেতা রোনাল্ডোর ঝুলিতে রয়েছে একের পর এক ক্লাব ট্রফি। তবে এত সাফল্যের পরেও অধরা থেকে গিয়েছে বিশ্বকাপ। চলতি বছরের বিশ্বকাপেও পর্তুগাল শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি।


তবে এখনই মাঠ ছাড়ছেন না রোনাল্ডো। আসন্ন মরসুমে আল-নাসেরের হয়েই খেলবেন তিনি। লক্ষ্য আরও বড়— কেরিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়া। ক্লাব এবং দেশের হয়ে ইতিমধ্যেই তাঁর গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ ঐতিহাসিক মাইলফলক থেকে আর ২৪ গোল দূরে পর্তুগিজ মহাতারকা।

ফুটবল ছাড়ার পর জীবন কী ভাবে কাটাবেন, সেই পরিকল্পনাও করে ফেলেছেন রোনাল্ডো। তিনি বলেছেন, ‘আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হবে। তাই শুধু এক রকম নয়, নানা রকম ভাবে সময়টা কাটাতে হবে’।

ভ্রমণ, পরিবার ও বিনোদন— অবসরের পর এই বিষয়গুলির দিকে বেশি সময় দিতে চান তিনি। রোনাল্ডোর কথায়, ‘আরও আনন্দ করতে চাই, আরও ঘুরতে চাই, প্যাডেল দেখতে ও খেলতে চাই। এই খেলাটা আমার খুব ভাল লাগে। আর এত দিনে যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই’।

২৫ বছরের পেশাদার ফুটবলজীবনের দিকে ফিরে তাকিয়ে রোনাল্ডো জানিয়েছেন, এই পথ মোটেই সহজ ছিল না। তাঁর কথায়, ‘সব মিলিয়ে ২৫ বছর অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে’। সেই দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে দাঁড়িয়েই এবার নতুন জীবনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

তবে অবসরের আগে তাঁর সামনে এখনও রয়েছে একটি বড় ব্যক্তিগত লক্ষ্য— ১০০০ গোল। সেই মাইলফলক ছুঁতে পারলে ফুটবলজীবনের শেষ অধ্যায়টিও যে আরও বর্ণময় হবে, তা বলাই যায়। রোনাল্ডোর নিজের কথাতেই, তিনি চান মাঠ ছাড়ার সময় তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার যেন হয় অসাধারণ।