২০১৮ সালের কুখ্যাত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে ফের উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট। প্রাক্তন অজি ক্রিকেটার উসমান খোয়াজার আত্মজীবনী ‘সবর’-এ করা মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তাঁর দাবি, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকলেও দলের প্রায় সকলেই বিষয়টি জানতেন। কারও অজান্তে বল বিকৃতির ঘটনা ঘটেনি। খোয়াজার এই বক্তব্যের পরেই ক্রিকেটমহলে শুরু হয় জোর চর্চা। এ বার সেই বিতর্কের আবহেই নতুন উদ্যোগ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি স্বাধীন আলোচনার আয়োজন করা হয়েছে। ২০১৮ সালে অস্ট্রেলীয় দলের সঙ্গে যুক্ত থাকা ক্রিকেটার ও কর্মীরা এই আলোচনায় নিজেদের অভিজ্ঞতা এবং বক্তব্য জানাতে পারবেন। তবে এটি স্যান্ডপেপার-কাণ্ডের নতুন করে তদন্ত নয় বলে স্পষ্ট করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। দীর্ঘ আট বছর পর খোয়াজার মন্তব্যে সেই বিতর্ক ফের সামনে এসেছে। ডেভিড ওয়ার্নার খোয়াজার দাবিকে সমর্থন করেছেন। তবে স্টিভ স্মিথ এখনও এ বিষয়ে মুখ খোলেননি। মিচেল স্টার্ক ও মিচেল মার্শের মতো ক্রিকেটাররাও কোনও মন্তব্য করেননি।
গ্রিনবার্গ জানিয়েছেন, আলোচনায় অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। প্রত্যেকে নিজের ইচ্ছায় নিজেদের বক্তব্য জানাতে পারবেন। আলোচনায় উঠে আসা তথ্য গোপন রাখা হবে কি না, কিংবা কোন তথ্য প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
অন্যদিকে, ডেভিড বুন জানিয়েছেন, অতীতের ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা এই উদ্যোগের উদ্দেশ্য নয়। বরং যাঁরা সেই সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান, তাঁদের জন্য একটি সম্মানজনক পরিবেশ তৈরি করাই লক্ষ্য। প্রায় আট বছর ধরে স্যান্ডপেপার-কাণ্ড অস্ট্রেলীয় ক্রিকেটকে তাড়া করে বেড়াচ্ছে। এ বার সেই অধ্যায় থেকে বেরিয়ে ভবিষ্যতের দিকে এগোতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনের জন্য স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। ব্যানক্রফটকে নির্বাসিত করা হয়েছিল নয় মাসের জন্য। নতুন এই আলোচনার মাধ্যমে সেই সময়ের অজানা তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।