অবসর-জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কী বললেন তিনি?

Photo-X

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন-এই জল্পনা যখন তুঙ্গে, তখন নিজেই সেই বিতর্কে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক।

রোনাল্ডোর বড় বোন কাটিয়া আভেইরো দাবি করেছিলেন, চলতি বিশ্বকাপই হবে রোনাল্ডোর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের নাটকীয় জয়ের পর রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোনাল্ডো বলেন, “এখন আর আমি আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিই না। সবকিছুই শান্ত হয়ে করি। ভবিষ্যতে কী হবে, সেটা সময় এলেই দেখা যাবে।”


বোনের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “যখনই আমার কেরিয়ার নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, সেটা আমি নিজেই জানাব। অন্য কারও কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”

রোনাল্ডো আরও স্পষ্ট করেন যে, এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ মনোযোগ বিশ্বকাপে। তিনি বলেন, “এখন আমাদের সামনে বিশ্বকাপ রয়েছে। আমরা এখনও টুর্নামেন্টে আছি এবং আমাদের লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবছিই না।”

পর্তুগালের এই কিংবদন্তি ফরোয়ার্ড জানান, বিশ্বকাপ শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁর কথায়, “সবকিছুরই একটা সঠিক সময় আছে। টুর্নামেন্ট শেষ হলে আমি পরিবারের সঙ্গে কথা বলব, তারপর সিদ্ধান্ত নেব।”

এর আগে টরন্টোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রোনাল্ডোর বোন কাটিয়া আভেইরো বলেছিলেন, তাঁর বিশ্বাস এটাই হবে তাঁর ভাইয়ের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেই মন্তব্যের পরই বিশ্বজুড়ে শুরু হয় অবসর নিয়ে জোর জল্পনা। কিন্তু রোনাল্ডোর সাম্প্রতিক মন্তব্যে পরিষ্কার, তিনি এখন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেননি এবং বিশ্বকাপ চলাকালীন অবসর নিয়ে আলোচনায় যেতে রাজি নন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রোনাল্ডো। সেই জয়ের সুবাদে শেষ ষোলোয় উঠে গিয়েছে পর্তুগাল, যেখানে তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী স্পেন। আপাতত অবসর বিতর্ক সরিয়ে রেখে রোনাল্ডোর একমাত্র লক্ষ্য দেশের হয়ে আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখা।