জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও আচমকাই মাঠের বাইরের বিতর্কে জর্জরিত দক্ষিণ কোরিয়া। দলের অধিনায়ক সন হিউং-মিনকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বেশ ক্ষুব্ধ দলটি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দলের সদস্যরা নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলাই বয়কট করেছে।
বিতর্কের সূত্রপাত মেক্সিকোর গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার বেসক্যাম্পে অনুশীলন চলাকালীন চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারানোর পর অনুশীলনের লাইভ সম্প্রচারের সময় কিছু সাংবাদিকের কথোপকথন মাইক্রোফোনে ধরা পড়ে। সেখানে সনের সামরিক পরিষেবা থেকে বিশেষ ছাড় পাওয়া এবং তাঁর নেতৃত্ব নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয় বলে অভিযোগ।
এই প্রসঙ্গে বলা যায়, দক্ষিণ কোরিয়ায় অধিকাংশ পুরুষের জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক। তবে ২০১৮ সালের এশিয়ান গেমসে দেশকে সোনা জেতানোর সুবাদে পূর্ণ মেয়াদের সামরিক দায়িত্ব থেকে ছাড় পান সন। যদিও ২০২০ সালে তিনি বাধ্যতামূলক মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষ করেন তিনি।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভের সৃষ্টি হয়। অধিনায়কের পাশে দাঁড়িয়েছে গোটা দল। ফুটবলাররা নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন। পাশাপাশি, দলের অনুশীলনে মিডিয়ার প্রবেশাধিকার নিয়েও দক্ষিণ কোরিয়ার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশনও।