শাকিরার বিশ্বকাপ পারফরম্যান্স ঘিরে বিতর্ক, প্রশ্ন উঠল, আসলে তিনিই মঞ্চে ছিলেন তো?

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই তা নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে দুটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়—পারফরম্যান্সে সত্যিই শাকিরা ছিলেন কি না এবং তিনি আদৌ লাইভ গান গেয়েছিলেন কি না।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর অনেক দর্শক দাবি করতে শুরু করেন যে মঞ্চে দেখা যাওয়া শিল্পীটি হয়তো শাকিরা নন, বরং তাঁর কোনও বডি ডাবল। বিশেষ করে দূর থেকে ধারণ করা কয়েকটি ভিডিওতে মুখ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় এই জল্পনা আরও জোরালো হয়। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ সামনে আসেনি। আরেকটি বিতর্ক তৈরি হয়েছে গানের সঙ্গে ঠোঁট মেলানো নিয়ে। সামাজিক মাধ্যমে অনেক দর্শক প্রশ্ন তুলেছেন, শাকিরা কি সত্যিই সরাসরি গান গেয়েছেন, নাকি আগে থেকে রেকর্ড করা ট্র্যাকের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। কিছু সমালোচক পারফরম্যান্সের অডিও ও ভিজ্যুয়ালের মধ্যে অসঙ্গতির কথা উল্লেখ করেছেন।

তবে শাকিরার সমর্থকদের একাংশ এই সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, বিশ্বকাপের মতো বৃহৎ মঞ্চে জটিল নৃত্য ও বিশাল প্রযোজনার কারণে অনেক সময় শিল্পীরা ব্যাকিং ট্র্যাক বা প্রি-রেকর্ডেড অডিওর সাহায্য নেন, যা আন্তর্জাতিক মঞ্চে অস্বাভাবিক নয়।
উল্লেখ্য, শাকিরার সঙ্গে বিশ্বকাপের সম্পর্ক নতুন নয়। ২০১০ বিশ্বকাপে তাঁর ‘ওয়াকা ওয়াকা’ বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় বিশ্বকাপ সংগীতে পরিণত হয়েছিল। এরপরও একাধিক বিশ্বকাপ-সম্পর্কিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এবারের উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি ছিল অন্যতম প্রধান আকর্ষণ।


যদিও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক অব্যাহত রয়েছে, তবুও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয়ের পরিবেশনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ প্রশংসা করেছেন অনুষ্ঠানের জাঁকজমক, আবার কেউ সমালোচনা করেছেন এর উপস্থাপনা নিয়ে। ফলে মাঠের ফুটবলের পাশাপাশি বিশ্বকাপের প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শাকিরা।