সত্যিই কি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে সংস্থার নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে? এই নিয়ে সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি।
শনিবার ফেডারেশন তাদের বিশেষ সাধারণ সভার পর নাম পরিবর্তন সংক্রান্ত যে প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে, তা বিভ্রান্তিকর বলে ফুটবল মহলের একাংশের দাবি। এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নাম পরিবর্তন করে ফুটবল ফেডারেশন অফ ভারত করার প্রস্তাব যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক-এর কাছে পাঠানো হবে।”
তবে এই সভায় থাকা এক কর্তা জানান, শনিবারের বিশেষ সাধারণ সভায় সংস্থার এক শীর্ষ পদাধিকারী নির্ধারিত আলোচ্যসূচির বাইরে হঠাৎ এই নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করেন। এ নিয়ে এক প্রাক্তন শীর্ষ পদাধিকারী নীতিগত আপত্তি তোলেন। যার ফলে ওই সভায় এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। কিন্তু প্রস্তাবটি ভোটাভুটিতে তোলা হয়নি এবং তা গৃহীতও হয়নি। অথচ প্রেস বিজ্ঞপ্তিতে সম্পুর্ণ অন্য কথা বলা হয়েছে।
এই বিজ্ঞপ্তি আরও কয়েকটি বিভ্রান্তির জন্ম দিয়েছে। সভায় থাকা ওই সদস্য দাবি করেন, প্রথমত, নাম পরিবর্তনের বিষয়টি বিশেষ সাধারণ সভার আলোচ্যসূচির অংশই ছিল না। অধিকাংশ সদস্যই এই আকস্মিক প্রস্তাবে অপ্রস্তুতে পড়ে যান। প্রশ্ন উঠেছে, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কি এভাবে হঠাৎ উত্থাপন করা যায় এবং বিভ্রান্তিকর ভাষায় সংস্থার ওয়েবসাইটে সেই খবর প্রচার করা যায়? এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে কি বিশেষ সভায় দীর্ঘ আলোচনার প্রয়োজন ছিল না?
দ্বিতীয়ত, ফিফার নিয়ম অনুযায়ী সদস্য সংস্থার নাম পরিবর্তনের আগে সেই সংস্থার জেনারেল বডির অনুমোদন নিতে হয় এবং জাতীয় সরকারের সম্মতি প্রয়োজন হয়। তার পরই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, জেনারেল বডির অনুমোদন ছাড়াই কীভাবে এই প্রস্তাব যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের কাছে পাঠানোর কথা বলা হচ্ছে?
তৃতীয়ত, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তুরকি (Türkiye) এবং চেকিয়া (Czechia)-র ফুটবল ফেডারেশনের নাম পরিবর্তনের উদাহরণ তুলে ধরেছেন। কিন্তু ওই দুই ক্ষেত্রেই দেশের সরকারি নাম পরিবর্তনের কারণে ফেডারেশনের নামও বদলানো হয়েছিল। ভারতে কিন্তু সরকারের বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম এখনও ‘স্কিল ইন্ডিয়া’, ‘স্টার্টআপ ইন্ডিয়া’, ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘খেলো ইন্ডিয়া’ হিসেবেই রয়ে গিয়েছে। তা হলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নাম বদলে কেন ফুটবল ফেডারেশন অফ ভারত করার এই চেষ্টা?
ভারতীয় ফুটবলে যেখানে বহু সমস্যা এবং সেগুলি সমাধানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত, সেখানে ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’-এ নাম বদলের জন্য এত তাড়াহুড়ো কেন, উঠছে এই প্রশ্নও। ক্ষমতার অলিন্দে কিছু বাড়তি প্রশংসা কুড়োনোর আকাঙ্ক্ষাই কি এই পদক্ষেপের কারণ? কিন্তু তাঁর এই পদক্ষেপ ৯০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে পারে।