ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন। কিন্তু হাফসেঞ্চুরি থেকে তিনি মাত্র পাঁচ রান দূরে থেমে যাওয়ার পরেই মাঠে উত্তাপ ছড়াল। শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্ডোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়লেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। এমনকী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দু’জনের মাথায় মাথায় ধাক্কাও লাগে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা এবং সতীর্থেরা এসে দু’জনকে আলাদা করেন।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালে ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭তম ওভারে। অসিথার একটি গুড লেংথের বল ভিতরে ঢুকে যশস্বীর ব্যাটের ভিতরের কানায় লেগে স্টাম্পে গিয়ে লাগে। ৫৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। তাঁর ইনিংসে ছিল ন’টি চার।
উইকেট পাওয়ার পর অসিথা যশস্বীকে ‘সেন্ড-অফ’ দেন। সেটিই পরিস্থিতি গরম করে দেয়। সাজঘরের দিকে হাঁটতে থাকা যশস্বী হঠাৎ ঘুরে দাঁড়ান। দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তার পরেই তাঁরা একে অপরের খুব কাছে চলে আসেন এবং মাথায় মাথায় ধাক্কা লাগার মতো পরিস্থিতি তৈরি হয়। শ্রীলঙ্কার ক্রিকেটাররা দ্রুত ছুটে এসে দু’জনকে আলাদা করেন।
Action \|/
Reaction 😤#Cricket #SLvIND #yashasvijaiswalpic.twitter.com/VmktJuQDgD— CREX (@Crex_live) August 23, 2026
এই ঘটনার আগে অবশ্য বেশ সাবলীলই দেখাচ্ছিল যশস্বীকে। কেএল রাহুলের সঙ্গে ৩৭ রানের ওপেনিং জুটি গড়েন তিনি। রাহুল ১৮ রানে ফিরে যাওয়ার পরেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন যশস্বী। শেষ পর্যন্ত অসিথার বলে তাঁর ইনিংস থামে এবং ভারত ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায়।
যশস্বীর ফেরার পরে ভারতকে সামলানোর দায়িত্ব নেন অধিনায়ক শুভমান গিল এবং দেবদত্ত পাড়িক্কাল। প্রথম সেশনের শেষে ভারতের রান ছিল ৮৮/২। পাড়িক্কাল-গিল জুটি শেষ পর্যন্ত হাল ধরেন শেষ খবর ভারত ১৬৬-২। এই ম্যাচে অভিষেক হচ্ছে সারাংশ জৈনের।
এখন অবশ্য ম্যাচের পাশাপাশি নজর যশস্বীর আচরণের দিকেও। মাঠের এই ঘটনার জন্য তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই দেখার। ম্যাচের সময় পর্যন্ত আইসিসি বা বিসিসিআইয়ের তরফে কোনও শাস্তির ঘোষণা হয়নি।