ছাংতের হ্যাটট্রিকে শ্রীনিধিকে হাফডজন গোল, শিল্ডের শুরুতেই গোল-উৎসব মোহনবাগানে, লিগজয়ের ট্রফি পেয়ে উৎসব

Changte Photo-SNS

বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সারাদিন ধরেই চলল বৃষ্টি। আর সেই স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যেই পরিবেশের উত্তাপ বাড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই ঘরের মাঠে শ্রীনিধি ডেকান এফসিকে ৬-০ গোলে উড়িয়ে দিল তারা। সমর্থকদের কাছে আরো ভাল খবর, সবুজ-মেরুনের হয়ে হ্যাটট্রিক করেন লালিয়ানজুয়ালা ছাংতে। অভিষেক ম্যাচে বেশ নজর কাড়লেন নবাগত বিদেশি লি আরউইনও।

জাতীয় শিবিরে দলের একাধিক ফুটবলার থাকায় প্রথম এগারো বাছা সহজ ছিল না কোচ প্যানাগিওতিস দিমপেরিসের। আপুইয়া, মনবীর সিং, মেহতাব সিং, অভিষেক সিং, সহাল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপারা ছিলেন না। চোটের কারণে দলের বাইরে ছিলেন সমীর জেলকোভিচও। তাও জেমি ম্যাকলারেন, আলবের্তো রদরিগেজ, মিগুয়েল ফিগুয়েরা, দেজান দ্রাজিচ, লিস্টন কোলাসো এবং ছাংতেকে নিয়ে ভিজে মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাগান। সেই আক্রমণ থেকে ৮ মিনিটের মাথায় দূরপাল্লার শটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন অভিষেক সূর্যবংশী। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান ছাংতে।

বিরতির পর আরও বিধ্বংসী মেজাজে দেখা যায় সবুজ-মেরুন ব্রিগেডকে। ৫২ মিনিটে ম্যাকলারেনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ছাংতে। পাঁচ মিনিট পর লিস্টন-মিগুয়েলের জুগলবন্দির সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক করেন তিনি। এর পরেও থামেনি মোহনবাগানের গোল-উৎসব। ৮১ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করে যান সন্দীপ মালিক। দু’মিনিট পর ছাংতের ফ্রি-কিক থেকে হেডে ছ’নম্বর গোল আরউইনের। শেষ দিকে তাঁর আরও একটি শট বাঁচান শ্রীনিধির গোলরক্ষক কমলজিৎ সিং। না হলে ব্যবধান হয়তো আরো বাড়ত।


এদিন, এই ম্যাচের আগে কলকাতা লিগ জয়ের উদ্‌যাপন হিসেবে ক্লাব লনে পতাকা উত্তোলন করেন মোহনবাগান কর্তারা। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা লিগে সবুজ-মেরুন বাহিনীর কোচ বাস্তব রায়, ফুটবলার কিয়ান নাসিরি এবং সন্দীপ মালিক। বৃষ্টির জন্য অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়েছিল।

Mohanbagan Team Photo-SNS

ম্যাচের বিরতিতে সেই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে এবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন সবুজ-মেরুন ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। আট বছর পরে কলকাতা লিগ জেতার ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফুটবলার-সমর্থকেরা। ম্যাচ শেষে সেই ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন সায়ন বন্দ্যোপাধ্যায়, শুভাশিস বোস’রা। লিগ জয়ের নায়ক সায়ন ট্রফি নিয়ে যান ক্লাব তাঁবুতেও। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত জানান, এ বার থেকে জেতা ট্রফি ক্লাবেই রাখা হবে।

প্রথম ম্যাচে দুরন্ত জয় পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছসিত মোহনবাগান কোচ প্যানাগিওতিস দিমপেরিস। তবে, উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, ‘এ সবে শুরু। এখনও সাফল্য আসেনি। অনেক উন্নতি করতে হবে’। ম্যাচ শেষে সাংবাদিকদের কোচ বলেন, ‘জিতলে অবশ্যই ভাল লাগে। কিন্তু একই সঙ্গে দলকে মূল্যায়ন করতে হবে। কোথায় উন্নতি প্রয়োজন, তা দেখতে হবে’।

প্রায় একই কথা শোনা যায় হ্যাটট্রিকের নায়ক ও ম্যাচের সেরা ছাংতের মুখেও। জানান, সমর্থকদের সামনে খেলাটা আবেগের। হ্যাটট্রিক করলেও দলের জয়কেই এগিয়ে রাখছেন তিনি। ছাঙতে বলেন, ‘জীবনের প্রথম হ্যাটট্রিক করলে তো ভাল লাগবেই। কিন্তু দলের জয় এবং তিন পয়েন্টই বেশি গুরুত্বপূর্ণ। এ তো সবে শুরু, আমাদের আরও পরিশ্রম করতে হবে’।