এখনও এক বছরের বেশি বাকি থাকলেও ২০২৭-এ পঞ্চাশ ওভারের ক্রিকেটের বিশ্বকাপকে ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ার মিলিত আয়োজনে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল আইসিসি। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭-এর অক্টোবরের শুরুতে বিশ্বকাপ শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি বা শেষদিকে যবনিকা নামতে পারে।
আগামী বছর ১৪ দলের বিশ্বকাপ ক্রিকেট হতে চলেছে। ২০২৩-এর ১০ দলের ফরম্যাট থেকে সরে এসে আইসিসি এ বার বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। দুই গ্রুপে সাতটি করে দল ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি ছয় দলের বিরুদ্ধে খেলবে। এরপর প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্স পর্বে উঠবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। তার পর ফাইনাল।
অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ পাবে। মোট ৫৪ ম্যাচের মধ্যে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে সে দেশের আটটি ভেন্যুতে। বাকি ১০টি ম্যাচ আয়োজন করবে জিম্বাবোয়ে এবং নামিবিয়া। জোহানেসবার্গ, কেপ টাউন, ডারবান, সেঞ্চুরিয়ন, পার্ল, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন এবং গকেবেরহা দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে। অন্যদিকে, জিম্বাবোয়ের হারারে ও বুলাওয়ে এবং নামিবিয়ার উইন্ডহোকেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রথমবারের মতো নামিবিয়ায় ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ হতে চলেছে। ইতিমধ্যে উইন্ডহোকে নতুন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে এবং সেখানে আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আয়োজক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে সহ-আয়োজক হলেও নামিবিয়াকে যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিতে হবে, কারণ তারা এখনও আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়। ২০০৩ সালের পর ফের আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ফলে সেই মহাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ২০২৭ সালের এই আসর ঘিরে আগ্রহ ক্রমশ বাড়ছে।