ব্রাজিলের পরেই আসবে কেপ ভার্দে, তবে যুবভারতীতে নাও নামতে পারেন ভোজিনহারা, কবে, কোথায় হতে পারে সেই ম্যাচ? জেনে নিন

Cape Verde Team Photo-SNS

কলকাতা জুড়ে ব্রাজিলের বিরুদ্ধে স্বপ্নের ম্যাচের প্রস্তুতি চলছে জোরকদমে। তার মধ্যেই ভারতীয় ফুটবল দলের সামনে আরও এক বড় চ্যালেঞ্জের সম্ভাবনা। অক্টোবরের প্রথম সপ্তাহেই কেপ ভার্দের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে ভারত। সব কিছু ঠিকঠাক চললে ব্রাজিল ম্যাচের মাত্র তিন দিন পর, ৬ অক্টোবর আফ্রিকার এই বিশ্বকাপার দেশের মুখোমুখি হতে পারেন ভারতীয় ফুটবলাররা। যদিও এখনও পর্যন্ত ম্যাচটি সরকারি ভাবে নিশ্চিত করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু ফেডারেশনের অন্দরে এক বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে এই খবর।

কেপ ভার্দে নামটা ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে হয়তো ব্রাজিলের মতো জনপ্রিয় নয়। কিন্তু ২০২৬ বিশ্বকাপে নজর কেড়েছে আফ্রিকার এই দেশটি। বিশেষ করে তাদের অপ্রতিরোধ্য গোলকিপার ভোজিনহা। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে প্রথমে তাক লাগিয়ে দিয়েছিল তারা। ফাইনালিস্ট আর্জেন্টিনাকে শেষ ষোলোয় অতিরিক্ত সময় পর্যন্ত লড়াইয়ে টেনে নিয়ে গিয়েছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত হারলেও তাদের পারফরম্যান্স নজর এড়ায়নি। ফলে ভারতীয় দলের কাছে এই ম্যাচ হলে তা যে কঠিন পরীক্ষাই হবে, তাতে সন্দেহ নেই।

আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে খেলার কথা ভারতের। তার পরেই ৬ অক্টোবর কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে বলে খবর। ম্যাচটির জন্য কলকাতা এবং কোচি—এই দুই শহরকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। যুবভারতী এবং কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের মধ্যে যে কোনও একটিতে হতে পারে ম্যাচ। তবে স্টেডিয়ামের অবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যাবতীয় পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


শুধু ব্রাজিল বা কেপ ভার্দে-তেই থেমে থাকার পরিকল্পনা নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তাদের। রিপোর্ট অনুযায়ী, ব্রাজিল ম্যাচের আগেও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে অক্টোবরে ভারতীয় দলের সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে।

নভেম্বরেও রয়েছে বড় পরীক্ষা। নিউজিল্যান্ডে গিয়ে দু’টি ম্যাচ খেলার কথা ভারতের। কেপ ভার্দে ম্যাচটি চূড়ান্ত হলে চলতি বছর চারটি ম্যাচে ২০২৬ বিশ্বকাপে খেলা দলের বিরুদ্ধে নামার সুযোগ পাবে ভারত। জাতীয় দলের জন্য যা সাম্প্রতিক অতীতে কার্যত নজিরবিহীন সূচি।

এরই মধ্যে ব্রাজিল ম্যাচের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ব্রাজিলের একটি প্রতিনিধি দল কলকাতায় এসে যুবভারতীর মাঠ এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখে বৃহস্পতিবার। ব্রাজিলের সফরকারী দলে ৯০ জনেরও বেশি সদস্য থাকতে পারেন। তাঁদের জন্য ড্রেসিংরুম, চিকিৎসা ও রিকভারি ব্যবস্থা-সহ বিভিন্ন সুযোগসুবিধা পরিদর্শন করেন তাঁরা। এমনকী, ড্রেসিংরুমে আইস-বাথের ব্যবস্থা রয়েছে কি না, সেই খোঁজ খবরও করেন তাঁরা। না থাকলে ভিনিসিয়াসদের জন্য সেই ব্যবস্থাও করার কথা বলেছেন তাঁরা।

ভারতীয় দলের প্রস্তুতি শিবির শুরু হবে সেপ্টেম্বরে। যদিও তারিখ এখনও ঠিক হয়নি। কলকাতাতেই শিবির করার কথা ভাবা হচ্ছে, যাতে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগে দলকে নিয়ে পর্যাপ্ত সময় প্রস্তুতি সারতে পারেন জাতীয় দলের কোচ খালিদ জামিল।

ব্রাজিলের মতো ফুটবল-মহাশক্তির বিরুদ্ধে ম্যাচ এমনিতেই ভারতীয় ফুটবলের জন্য বড় পরীক্ষা। তার তিন দিনের মধ্যেই যদি কেপ ভার্দের বিরুদ্ধে ভারতকে নামতে হয়, তা হলে তাদের সামনে অপেক্ষা করছে আরো এক কঠিন পরীক্ষা। কেপ ভার্দের ভারত সফেরে যদিও এখনও সরকারি সিলমোহর পড়েনি। তবে সব কিছু ঠিকঠাক চললে অক্টোবরে সবচেয়ে ব্যস্ত এবং স্মরণীয় সপ্তাহ কাটাতে পারে ভারতীয় ফুটবল দল।