এত দিন আমরা ভাবতাম, স্বপ্ন দেখতাম, আড্ডার রকে, চায়ের দোকানে আলোচনা করতাম, কবে যে আমাদের দেশের ফুটবল টিম ব্রাজিল (Brazil), আর্জেন্টিনার সঙ্গে খেলবে! আজ সেই দিন। আজ শহরের সব রাস্তা গিয়ে মিশবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আজ সেখানে ফুটবল মহাবিশ্বের ছায়াপথে থাকা অন্যতম নক্ষত্র ব্রাজিলের (Brazil) মুখোমুখি হবে এ দুনিয়ায় নেহাতই ‘বামুন’ বলে পরিচিত ভারত (India)।
প্রবাদই তো আছে, ‘বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর এত শখ কেন?’। তবু ভারত তো সেটাই করে দেখাল। চাঁদের দিকে হাত বাড়িয়েছে তারা। ভারতীয় (India) দলের ফুটবলাররা আজ যুবভারতীর ঝকঝকে সবুজ গালিচায় চোখ ধাঁধানো তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবেন কি না, সে প্রশ্ন তো পরে আসছে। কিন্তু তাঁরা যে সেই সুযোগটা পাবেন, তা কি ভাবতে পেরেছিলেন মনবীর সিং, আপুইয়া, আনোয়ার আলিরা? নাকি এই ম্যাচ কোনোদিন নিজেদের শহরে বসে দেখতে পাবেন, ভেবেছিলেন বঙ্গবাসী?
ফল যা-ই হোক, শনিবারের রাতটা ভারতীয় ফুটবলের ইতিহাসে আলাদা জায়গা করে নেবে। যে ব্রাজিল (Brazil) এই দেশে ফুটবলপ্রেমীদের কাছে কয়েক দশক ধরে আবেগের অন্য নাম, সেই পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামতে চলেছে ‘মেন ইন ব্লু’—এটাই তো এখন ধ্রুব সত্য।
কাগজে-কলমে দুই দলের মধ্যে ব্যবধান আকাশছোঁয়া। সাম্প্রতিক ফিফা ক্রমতালিকায় ব্রাজিল পঞ্চম, ভারত ১৩৮ নম্বরে। অর্থাৎ ১৩৩ ধাপের ফারাক। ব্রাজিল পাঁচ বার বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপের শতবর্ষ হতে চলল, ভারত কখনও মূলপর্বে খেলতেই পারেনি। সিনিয়র পর্যায়ে ক্রমতালিকায় এত উঁচুতে থাকা দলের বিরুদ্ধে এর আগে কখনও খেলেনি ভারত।
তবে ফুটবল তো আর অঙ্কের খাতা মেনে চলে না। সেই আশাতেই বুক বাঁধছে ভারত। গত সপ্তাহেই বেঙ্গালুরুতে ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে ১-১ ড্র করে অনেক আত্মবিশ্বাস পেয়েছে ভারত। বিশ্বকাপে খেলা সেই দলের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স ছিল যথেষ্ট নজরকাড়া।
ভারতীয় ফুটবলের অতীতও কিছুটা সাহস জোগাতে পারে খালিদ জামিলের দলকে। ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক্সে চতুর্থ হয়েছিল ভারত। ১৯৫১ ও ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল। ১৯৭০ ব্যাঙ্কক এশিয়াডে এসেছিল ব্রোঞ্জ। কিন্তু সেই সাফল্য সুদূর অতীতে। গত কয়েক দশকে বিশ্ব ফুটবল যেমন জেট গতিতে এগিয়েছে, তেমনই ভারতীয় দলের পারফরম্যান্সের রেখচিত্রও নেমেছে নীচের দিকে।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”><a href=”https://x.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw”>#WATCH</a> | West Bengal | Brazilian football team practices at Salt Lake Stadium in Kolkata ahead of the India vs. Brazil football match scheduled to take place on Saturday, October 3, 2026. <a href=”https://t.co/RXD8TQaLbs”>pic.twitter.com/RXD8TQaLbs</a></p>— ANI (@ANI) <a href=”https://x.com/ANI/status/2106011077997957578?ref_src=twsrc%5Etfw”>October 2, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
১৯৯৬ সালে ফিফা ক্রমতালিকায় একবার ৯৪ নম্বরে উঠেছিল ভারত। তিন দশক পরে সেই দল নেমে গিয়েছে ১৩৮ নম্বরে। উপরে উঠেও অনেকটা নেমে এসেছে এ দেশের ফুটবল। এ বছর মে মাসে ইউনিটি কাপের সেমিফাইনালে জামাইকার কাছে ০-২ হারে ভারত। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারে ০-১-এ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে। ২০২৭ এশিয়ান কাপের মূলপর্বেও জায়গা হয়নি।
এই পরিস্থিতিতে পানামার বিরুদ্ধে ১-১ ড্র যেন প্রবল গ্রীষ্মে কিছুটা শীতল বাতাস। সেই ম্যাচে ভারতের অন্যতম নায়ক ছিলেন অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা রায়ান উইলিয়ামস, যিনি সম্প্রতি ভারতের নাগরিকত্ব নিয়ে এ দেশের জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র অর্জন করেছেন।
সে দিন ৪১ মিনিটে আকাশ মিশ্রের বাড়ানো লম্বা পাস থেকে গোল করেছিলেন তিনি। ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে সীমিত সুযোগ। তার মধ্যেই নিজের কার্যকারিতা দেখাতে হবে উইলিয়ামসকে। সঙ্গে থাকবেন মনবীর সিং-এর গতি এবং আশিক কুরুনিয়ানের দৌড়। বল দখলে এলে এই দুই উইং দিয়েই ব্রাজিলের রক্ষণকে চাপে ফেলতে চাইবে ভারত।
কিন্তু কাজটা যে মোটেই সহজ নয়, তা খুব ভাল করেই জানে ভারতীয় দল। তাই খালিদ জামিল বলে দিয়েছেন, ‘খেলার ফল আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে, তা হল পারফরম্যান্স। নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারলে কে বলতে পারে আমরা ভাল কিছু করতে পারব কি না’।
অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে কলকাতায় এসেছে ব্রাজিল (Brazil)। দুই দলের আগের প্রস্তুতি ম্যাচ অবশ্য ড্র হয়েছিল। আর ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় আতঙ্ক ভিনিসিয়াস জুনিয়র। যদিও তিনি এখন ফর্মে নেই। তবে রিয়াল মাদ্রিদের এই তারকা যদি সেরা ফর্মে থাকেন, তা হলে কখনও গতির ঝড় তুলে বিপক্ষের ফুল-ব্যাককে টেনে বের করেন, আবার পর মুহূর্তেই ফুল-ব্যাক ও সেন্টার-ব্যাকের মাঝের ফাঁকা জায়গা দিয়ে তীব্র বেগে ঢুকে পড়েন। তাঁকে এক মুহূর্তের জন্যও স্বাধীনতা দিলে বিপদ বাড়বে।
ভারতের রক্ষণে সেই কারণে আকাশ মিশ্র, অভিষেক সিং, আনোয়ার আলিদের দায়িত্বও কম নয়। ভিনিসিয়াসকে সামলাতে তাঁদের মাঝমাঠেরও সাহায্যও নিতে হবে। সেন্টার-ব্যাক বিজয় ভার্গিসের উপরেও থাকবে বড় দায়িত্ব। ব্রাজিলের ফরোয়ার্ডরা শুধু সামনে দাঁড়িয়ে থাকেন না—প্রয়োজনে নীচে নেমে আসেন, জায়গা বদল করেন এবং রক্ষণভাগের সামান্য ভুলে তৈরি হওয়া ফাঁকা জায়গায় ঝাঁপিয়ে পড়েন।
চোটের কারণে ব্রাজিল পাচ্ছে না রাফিনহাকে। তাতে ভিনিসিয়াসের দায়িত্ব আরও বাড়বে। পাশাপাশি তরুণ এন্ড্রিকের গতিও চিন্তার কারণ। সেন্টার-ব্যাকদের আশপাশের ফাঁকা জায়গা খুঁজে নিয়ে আচমকা দৌড়ে ঢুকে পড়তে পারেন তিনি।
ব্রাজিলের (Brazil) এই আক্রমণ সামলাতে ভারতের রক্ষণকে হতে হবে অত্যন্ত সংগঠিত ও সতর্ক। শুধু রক্ষণভাগ নয়, মাঝমাঠেও বড় পরীক্ষা অপেক্ষা করছে। পানামার বিরুদ্ধে দুর্দান্ত খেলা আপুইয়া, রিকি শাবং, বিক্রম প্রতাপ সিং, আশিক কুরুনিয়ানদের ব্রাজিলের পাসিং লাইন ও আক্রমণে ওঠার রাস্তা বন্ধ করার কঠিন দায়িত্ব নিতে হবে। আর গোলে দীর্ঘদিনের প্রহরী গুরপ্রীত সিং তো থাকবেনই।
আরও পড়ুন: কলকাতায় ব্রাজিলকে নিয়ে উন্মাদনা দেখে অবাক আনসেলোত্তি, মারকুইনহোজ, কী বললেন তাঁরা?
ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ব্রাজিল (Brazil) কোচ কার্লো আনসেলোত্তি বলেছেন, , ‘ভারত ভালো দল। ওদের দলের গোলকিপার (গুরপ্রীত), ৯০টা ম্যাচ খেলেছে দেশের হয়ে! ওদের স্ট্রাইকার রায়ান উইলিয়ামসও বেশ ভালো। পানামার বিরুদ্ধে ম্যাচে সে-ও ভালো খেলেছে। ভালো দল না হলে কখনও পানামার বিরুদ্ধে ড্র করতে পারে? ওদের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল।ওদের বিরুদ্ধে আমাদের ভালো ফুটবলই খেলতে হবে’।
বিশ্বফুটবলের অন্যতম সফল কোচের এই ধারণা সত্যি প্রমাণ করার দায়িত্ব এখন ভারতীয় ফুটবলারদেরই। উদ্বুদ্ধ ভারতীয় ফুটবলাররা যদি একটা লড়াকু পারফরম্যান্স দিতে পারেন, তা হলে ম্যাচ হারলেও তা অসন্মানের হবে না। কিন্তু অসহায় আত্মসমর্পণ যেন না হয়, এটাই কাম্য।
ফল কী হবে, তা সময়ই বলবে। তবে শনিবারের ম্যাচ ভারতীয় ফুটবলারদের কাছে এক বিরাট মঞ্চ। এই মঞ্চের দিকে নজর থাকবে সারা দুনিয়ার। বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নিজেদের শক্তি, সীমাবদ্ধতা এবং সম্ভাবনাকে যাচাই করার এমন সুযোগ প্রতিদিন আসে না। যুবভারতীতে তাই ভারতের লড়াই শুধু ব্রাজিলের বিরুদ্ধে নয়— নিজেদের বিরুদ্ধেও।
দেখুন: ব্রাজিল ম্যাচে ভারতের রণকৌশল কী? অনুশীলনে কি মিলল তার ইঙ্গিত?