চোটের জন্য পুরো অনুশীলন করতে পারলেন না এমবাপ্পে, সেমিফাইনালে খেলতে পারবেন ফরাসি মহাতারকা? উত্তর দিলেন কোচ দেশঁ

Photo: Representational Image

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে জেতা ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোড়ালিতে চোট লেগেছিল। সেমিফাইনালের আগে ফরাসিদের প্রধান অস্ত্রের এই চোটে তাই যথেষ্ট চিন্তিত সমর্থকেরা। সবার একটাই প্রশ্ন, স্পেনের বিরুদ্ধে মহারণে কি খেলতে পারবেন এমবাপ্পে?

তাদের আস্বস্তই করেছেন ফ্রান্সের কোচ। সেমিফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ে দেশঁ জানান, তারকা ফরোয়ার্ডকে দলে রাখার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। দেশঁ বলেন, ‘কিলিয়ান ভালো আছে’।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে ফ্রান্সের ২-০ জয়ের ম্যাচে চোট পাওয়ার পর এমবাপ্পে শেষ প্র্যাকটিস সেশনটি সম্পূর্ণ করতে পারেননি। ওই ম্যাচের শেষদিকে তাঁকে বদলি করা হয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁর ওপর আর অতিরিক্ত চাপ দেননি দেশঁ।


এমবাপ্পে অনুশীলনে অংশ নিয়েছেন কি না, সেই প্রশ্নের জবাবে দেশঁ বলেন, ‘হ্যাঁ, ও অনুশীলন করেছে। একটি নির্দিষ্ট ড্রিলে ওকে ১৫ মিনিটের বদলে ১০ মিনিট অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে’। অনুশীলনে ফ্রান্স অধিনায়ককে কিছুটা বিশ্রাম দেওয়া হলেও, এই চোটের কারণে স্পেনের বিরুদ্ধে বহুচর্চিত সেমিফাইনাল থেকে তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠা দুরন্ত ছন্দে থাকা স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এই ম্যাচে নামছে স্পেন এবং লক্ষ্য থাকবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে জায়গা নিশ্চিত করা। এই ম্যাচের বিজয়ী দল আগামী ১৯ জুলাই বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে নামবে।

শেষ চারে ওঠা চারটি দলের মধ্যে নকআউট পর্বে সবচেয়ে দাপুটে ও নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখিয়েছে ফ্রান্সই। গ্রুপ আই-এর শীর্ষে থেকে শেষ করার পর ৩২ দলের রাউন্ডে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট অভিযান শুরু করে তারা।

এরপর ১৬ দলের রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় ফ্রান্স। তারপর কোয়ার্টার ফাইনালে আরেকটি শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স উপহার দিয়ে মরক্কোকে ২-০ গোলে পরাস্ত করে শেষ চার নিশ্চিত করে। নকআউট পর্বে এখনও পর্যন্ত ছটি গোল করেছে ফ্রান্স, কিন্তু একটিও গোল হজম করেনি। চাপের মুহূর্তেও তাদের রক্ষণভাগের শৃঙ্খলা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতারই প্রমাণ এটি।

কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেও ফ্রান্সের দলগত কাঠামো অটুট থেকেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আক্রমণে ধার এনে দেওয়ার কাজটি ধারাবাহিকভাবে করে চলেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।সেই তারকাকে না পেলে যে এই লড়াইয়ে ফ্রান্স অনেকটা পিছিয়ে পড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ফরাসি কোচ যখন আস্বস্ত করেছেন, তখন নিশ্চয়ই তাঁকে মাঠে দেখা যাবে।

এমনও হতে পারে, তিনি হয়তো শুরু থেকে নাও খেলতে পারেন। পরিস্থিতি অনুযায়ী পরের দিকে নামতে পারেন তিনি। কারণ, এই হাড্ডাহাড্ডি লড়াই অতিরিক্ত সময়, এমনকী টাই ব্রেকার পর্যন্ত গড়াতে পারে। তাই শুরুর দিকে তাঁকে না পাওয়া গেলেও পরের দিকে এমবাপ্পের উপস্থিতি অবশ্যই চাইবেন কোচ দেশঁ। শেষ পর্যন্ত কী করবেন তিনি, তা দেখার বিষয়। তবে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালের দ্বৈরথের দিকে যে আজ সারা বিশ্ব তাকিয়ে থাকবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।