শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত। দলের প্রধান পেসার জসপ্রীত বুমরাহ পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন বাঁ-হাঁটুর চোটের জন্য। তাঁর হাঁটুতে অস্বস্তি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ১৫ আগস্ট গলে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। তার আগে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে বুমরাহর ফিটনেস পরীক্ষা করা হয়। সেই মূল্যায়নের পরই মেডিক্যাল টিমের মত, এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে চোট আরও বাড়তে পারে। তাই দীর্ঘমেয়াদি স্বার্থের কথা ভেবেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, ‘বুমরাহকে তাড়াহুড়ো করে মাঠে নামানো নিরাপদ হবে না। সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই ওর ফেরা উচিত’।
আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নির্বাচকদের আগেই জানানো হয়েছিল যে, বুমরাহকে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম একটি ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়েছিল এবং ৮-১০ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার পরই তিনি সেন্টার অব এক্সেলেন্সে ফিটনেস মূল্যায়নের জন্য যান।
প্রথমে ফিটনেস সাপেক্ষে বুমরাহকে দলে রাখা হলেও, শেষ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার উন্নতি প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় তাঁকে সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে গৌতম গম্ভীরের দলের বোলিং আক্রমণ বড়সড় ধাক্কা খেল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে এই সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দলের সেরা পেসারকে ছাড়াই শ্রীলঙ্কায় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলকে।
বুমরার অনুপস্থিতিতে তাঁর বদলি কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি দার-এর নাম। এ পর্যন্ত ভারতের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি আকিব। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে।
২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই জম্মু ও কাশ্মীর প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জয়ের ইতিহাস গড়ে। সেই সাফল্যের পর থেকেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন আকিব।
শ্রীলঙ্কা সিরিজর জন্য ভারতীয় টেস্ট দলে বুমরা ছাড়াও ছিলেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ এবং গুরনুর ব্রার। বুমরা না থাকলে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব মহম্মদ সিরাজের হাতে যাবে। নতুন বলে তাঁর সঙ্গী হিসেবে দেখা যেতে পারে প্রসিধ কৃষ্ণকে। আর আকিব সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে তাঁর। বুমরার চোটে এই তরুণ ক্রিকেটার নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারেন।