ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ভারতীয় দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের দিন ক্রমশ এগিয়ে আসছে। ৩ ও ৬ অক্টোবর হবে এই দুই ম্যাচ। তার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টিকিটের দামও বেশ চড়া। পুজোর মুখে এত দাম দিয়ে এই ম্যাচের টিকিট কেনার ব্যাপারে অনেকেই আগ্রহী নয় বলে জানা যাচ্ছে। ফলে টিকিট বিক্রিও হচ্ছে ঢিমেতালে। অনলাইন টিকিট বিক্রির পোর্টাল খুললে টিকিট পাওয়াও যাচ্ছে।
তবে কলকাতার তিন প্রধান ক্লাবের সদস্যরাও যাতে তাদের প্রিয় ক্লাবের তাঁবু থেকে কম দামে টিকিট কিনতে পারেন, সেই ব্যবস্থাও করবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, এমনটাই জানিয়ে রাখলেন দেশের ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক বৈঠকে তিনি এই কথা জানান।
তিনি বলেন, ‘তিন প্রধান ক্লাবের ও তাদের ফ্যান ক্লাবের সদস্যরা যাতে কিছু কম দামে টিকিট পেতে পারেন, এমন অনুরোধও এসেছে আমাদের কাছে। এই ব্যাপারে তিন প্রধান ক্লাবের কর্তাদের সঙ্গে কথাও হয়েছে আমাদের। ঠিক হয়েছে কোন ক্লাবের কত টিকিট লাগবে, তা তারা আইএফএ-র মাধ্যমে আমাদের জানাবে। এই টিকিটগুলোর দামের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে এবং সদস্যদের যার যার ক্লাব তাঁবু থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তিন ক্লাবকে তাদের তাঁবুতে টিকিট বিক্রির ব্যবস্থা করার অনুরোধ আমরা করেছি’।
ফেডারেশন সভাপতি কল্যাণ জানান, দুই গোলপোস্টের পিছনের গ্যালারিতে প্রায় ১৪ হাজার টিকিট এই তিন ক্লাবের সদস্যদের ও ফ্যান ক্লাবের সদস্যদের দেওয়া হবে, এমনই ঠিক হয়েছে। এ ছাড়াও প্রাক্তন খেলোয়াড়, খুদে ফুটবলার, ফুটবলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আইএফএ-র মাধ্যমে টিকিট পেতে পারেন।
এছাড়াও এ দিন ফেডারেশন সভাপতি জানান, ‘গত ৪০ বছরে বিশ্ব ক্রমতালিকায় এত উঁচুতে থাকা দলের বিরুদ্ধে আমরা খেলিনি। ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে দুটি ম্যাচই ফিফার টিয়ার ১ ম্যাচ হতে চলেছে। সেজন্যই এই দুই ম্যাচে আরো পেশাদার নিয়ম প্রযোজ্য হতে চলেছে’।
‘সংস্কারে খুশি ব্রাজিলের প্রতিনিধিরা’
যুবভারতীর ঘাসের মান নিয়ে প্রথমে সংশয় প্রকাশ করেছিলেন ব্রাজিলের ফেডারেশনের প্রতিনিধিরা। তখন তাঁরা কিছু সংস্কারের পরামর্শ দিয়ে গিয়েছিলেন, সেই অনুযায়ীই যুবভারতীর সংস্কারের কাজ চলছে বলে জানান কল্যাণ। বলেন, ‘ব্রাজিলের প্রতিনিধিরা এখন এখানেই রয়েছেন প্রস্তুতি দেখার জন্য। এবং তাঁরা সব দেখেশুনে ইতিবাচক রিপোর্টই দিয়েছেন। বিশেষ করে মাঠের অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। প্র্যাকটিস মাঠের সংস্কারের কাজ নিয়েও তাঁরা খুশি। আশা করি সবাই মিলে কাজ করলে আমরা এই দুই ম্যাচকে সফল ও স্মরণীয় করে রাখতে পারব’।
চলতি মাসের ২৬ ও ২৯ তারিখে অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলার পর ৩০ তারিখে কলকাতায় এসে পৌঁছনোর কথা ব্রাজিল ফুটবল দলের। বিশ্বকাপে খেলা কয়েকজন তারকা তো এই দলে থাকবেনই, এছাড়াও এক ঝাঁক যুব ফুটচবলারদেরও নিয়ে আসছেন কোচ কার্লো আনসেলোত্তি।
ব্রাজিল দলে পরিবর্তন, আসছেন না এক তারকা
তবে তাঁর ঘোষিত দলে পরিবর্তন করতে হয়েছে ব্রাজিলের কোচকে। চোটের কারণে ছিটকে গেলেন চেলসির তারকা ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। অবশ্য বিশ্বকাপের দলেও ছিলেন না তিনি। পেদ্রোর জায়গায় ব্রাজ়িলের সিনিয়র দলে এই প্রথম ডাক পেলেন মাথেউস মার্তিনেল্লি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ব্রাজিল স্কোয়াডে থাকবেন ২৪ বছর বয়সি এই মিডফিল্ডার।
চলতি মরশুমে চেলসির হয়ে ভাল ফর্মে ছিলেন পেদ্রো। প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে তিনটি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন তিনি। এই মুহূর্তে প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাঁর অবদানই সবচেয়ে বেশি।
এই প্রথম ব্রাজিলের সিনিয়র দলে ডাক পেলেন ২৪ বছরের মিডফিল্ডার মাথেউস মার্তিনেল্লি। কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচে ব্রাজ়িলের জার্সিতে অভিষেকও হতে পারে মার্তিনেল্লির। ২০২০-র নভেম্বরে ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় মার্তিনেল্লির। এর পরে দ্রুত ফ্লুমিনেন্স টিমের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন।
ভারতের প্রস্তুতিতে মোহনবাগানের আরো দুই
এই ম্যাচগুলির প্রস্তুতির জন্য আপাতত ভারতীয় দলের প্রস্তুতি চলছে বেঙ্গালুরুতে। সেখানেই আগামী ২৫ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ম্যাচে নামবে ভারত। প্রস্তুতি শিবিরে খেলোয়াড় ছাড়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই জট ক্রমশ কাটতে শুরু করেছে।
শিবিরে আগেই যোগ দিয়েছিলেন মোহনবাগানের অভিষেক সিং ও আপুইয়া। এদিন যোগ দিলেন আরও দুই ফুটবলার মেহতাব সিং ও অনিরুদ্ধ থাপা। যোগ দিয়েছেন বেঙ্গালুরু এফসি-র আশিক কুরুনিয়ন। মোহনবাগানের আরও দুই ফুটবলার মনবীর সিং ও সহাল আব্দুল সামাদ কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় পরে শিবিরে যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছে ক্লাব।