কলকাতার পর ঢাকাতেও খেলবে ব্রাজিল? সিবিএফ কর্তাদের আকস্মিক সফর উস্কে দিল ফ্রেন্ডলি ম্যাচের জল্পনা

Brazil Play In Dhaka Photo-SNS

কলকাতায় ব্রাজিলের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। তার মধ্যেই এ বার বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্যও এল বড় খবর। সব ঠিকঠাক থাকলে আগামী ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সম্ভবত একটি প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও এখনও ম্যাচটির ঘোষণা সরকারি ভাবে হয়নি, তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর কর্তাদের আচমকা ঢাকা সফর সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

রবিবার ঢাকায় পৌঁছয় সিবিএফ-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল, যারা কয়েক দিন আগে কলকাতায় ঘুরে গিয়েছেন। দলের নেতৃত্বে ছিলেন ব্রাজিলের পুরুষ জাতীয় দলের জেনারেল সুপারভাইজার সের্জিয়ো দিমাস দে অলিভেইরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রায় ৪৫ মিনিট ধরে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। এর পর বসুন্ধরা কিংস অ্যারেনাতেও যান প্রতিনিধি দলের সদস্যরা। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

সিবিএফ কর্তাদের এই সফরের পরেই জোরালো হয়েছে ব্রাজিল-বাংলাদেশ ম্যাচের সম্ভাবনা। বাংলাদেশের একটি সূত্রের দাবি, ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। তবে বাংলাদেশের আন্তর্জাতিক সূচির কারণে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


আর এখানেই তৈরি হয়েছে কৌতূহল। কারণ, ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। অর্থাৎ, কলকাতার ম্যাচের পরেই প্রতিবেশী বাংলাদেশে উড়ে যেতে পারে তারা।

বাংলাদেশের অবশ্য তখন নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ রয়েছে। দল ফাইনালে উঠলে ৩ অক্টোবর পর্যন্ত খেলতে হতে পারে। ফলে ব্রাজিলের প্রস্তাব মানলে সূচির এই চাপ সামলানোই বাংলাদেশের ফুটবল কর্তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

ভারত ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্যই আসিয়ান কাপ থেকে নাম তুলে নিয়েছে এবং সেই কারণেই বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। এ বার তারাও যদি আসিয়ান কাপ থেকে নাম তুলে নেয়, তা হলে তারা তা ভালো ভাবে নাও নিতে পারে।

তবে ম্যাচটি হলে তা বাংলাদেশের ফুটবল ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় ঘটনা হবে। ব্রাজিল এর আগে কখনও বাংলাদেশে জাতীয় দলের ম্যাচ খেলতে আসেনি। ২০১১ সালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অবশ্য আর্জেন্টিনা খেলেছিল নাইজেরিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি।

বিশ্বকাপের সময় থেকেই ব্রাজিল নিয়ে বাংলাদেশের উন্মাদনা নতুন করে নজর কেড়েছে। ভারতের মতো বাংলাদেশের মানুষেরও ব্রাজিল-প্রীতি নিয়ে ফিফাও সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই আবেগের দেশে যদি সত্যিই অক্টোবরের শুরুতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা পা রাখে, তা হলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে যে উৎসবের ছবি দেখা যাবে, তার অপেক্ষায় এখন দুই বাংলার ফুটবলপ্রেমীরাও।

তবে আপাতত সবটাই সম্ভাবনা। সিবিএফের প্রতিনিধি দল মাঠ ও পরিকাঠামো দেখে গেলেও বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তাই ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিল নামবে কি না, তার জন্য অপেক্ষা করতেই হবে।