ব্রাজিলের বদলার লড়াই, এবার আরও প্রস্তুত জাপান! আত্মবিশ্বাসী মোরিয়াসু

গত বছরের ফ্রেন্ডলি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়েছিল জাপান। এবার বিশ্বকাপে শেষ ৩২-এর রাউন্ডে সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে চলেছে। আর এই ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু জানিয়ে দিলেন, তাঁর দল আগের চেয়েও বেশি প্রস্তুত। মোরিয়াসুর বক্তব্য, গত বছরের ম্যাচে জয় শুধু একটা জয় ছিল না, বরং বিশ্বসেরাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাসও এনে দিয়েছিল সেই ম্যাচ।

জাপান কোচ বলেন, ‘ফের ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া আমাদের কাছে দারুণ অভিজ্ঞতা। আমরা বিশ্বাস করি, আমাদের জেতার সামর্থ্য আছে এবং আমরা আরও এগিয়ে যেতে পারি। সেই লক্ষ্য নিয়েই আমরা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গত বছরের অক্টোবরে জাপানে আমরা এক ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে ৩-২-এ হারিয়েছিলাম। হয়তো সেই কারণেই এবার ওরা আরও বেশি অনুপ্রাণিত থাকবে। আমরাও আবার তাদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছি।’


একসময় ব্রাজিলের কাছে জাপান ছিল তুলনামূলক সহজ প্রতিপক্ষ। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে বলেই মনে করেন মোরিয়াসু। তাঁর কথায়, ‘অতীতে জাপান ব্রাজিলের কাছে সহজ প্রতিপক্ষ ছিল। কিন্তু আমাদের শেষ ম্যাচে আমরা প্রমাণ করেছি, এখন আর সেই পরিস্থিতি নেই। এটা আমাদের পক্ষে বিরাট এক ইতিবাচক দিক। কারণ, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল।’

তবে ফুটবলে কোনও কিছুই আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না, মনে করিয়ে দিয়েছেন তিনি। ‘ফুটবলে কী হবে, তা আগে থেকে কেউ বলতে পারে না। তবে আমরা জয়ের আশাই করছি। বহু বছর ধরে অসংখ্য ব্রাজিলিয়ান জাপানের ফুটবলের উন্নয়নে কাজ করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জাপান যে এতটা এগিয়েছে, তা দেখে তাঁরাও নিশ্চয়ই আনন্দিত।’

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও জাপানকে হালকাভাবে নিতে নারাজ। তাঁর মতে, ‘জাপান বিশ্বের অন্যতম সেরা দল। ওদের আমরা সম্মান করি। নকআউট ম্যাচে কী হতে পারে, তার জন্য আমাদের সবরকমভাবে প্রস্তুত থাকতে হবে। মানসিক দৃঢ়তা, সাহস এবং স্পষ্ট পরিকল্পনা— এই তিনটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের মঞ্চে এবার তাই শুধু ব্রাজিলের তারকাখচিত দল নয়, আত্মবিশ্বাসে টইটম্বুর জাপানও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। গত বছরের জয়ের স্মৃতি সঙ্গে নিয়ে ‘সামুরাই ব্লু’-রা বিশ্বাস করছে, বিশ্বকাপের নকআউটেও তারা আবার চমক দেখাতে পারে।