স্থানীয় সময় শনিবার রাতে (ভারতীয় সময় রবিবার ভোর ৩.৩০) চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। তার আগে শেষ অনুশীলনে যা দেখা গেল, সেই অনুযায়ীই গড়া দল মাঠে নামালে মরক্কোর বিরুদ্ধে হলুদ-বাহিনীর যে এগারোজনকে শুরু করতে দেখা যাবে, তাদের একটা তালিকা পাওয়া গিয়েছে বলে সে দেশের মিডিয়ার দাবি।
২০০২-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে টানা পাঁচবার বিশ্বকাপের ফাইনালেও উঠতে পারেনি তারা।পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি প্রতিবারই ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্টে নামে। তবে সফল হতে পারে না। গত পাঁচবার তা-ই হয়েছে। তাই এ বার শুরু থেকেই তারা বোঝাতে চায়, এ বারের বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হতেই এসেছে। সে কথা মাথায় রেখে দলও গড়ছে তারা।
তবে প্রথম ম্যাচের এই দলে যে নেইমার নেই, তা নিয়ে আর কোনও জল্পনার অবকাশ রাখলেন না কোচ কার্লোস আনসেলোত্তি। প্রথম ম্যাচের আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে বলেই দিলেন সে কথা। বললেন, ‘যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য পরিশ্রম করছে নেইমার।
আমার ধারণা, পুরো সুস্থ হয়ে উঠে ও আগামী সপ্তাহে দলের অনুশীলনে যোগ দেবে।ওকে যখন দলে ডাকি, তখন শুধু যে ওর দক্ষতার কথা মাথায় রেখে ডেকেছি, তা নয়, ওর অভিজ্ঞতার কথাও মাথায় ছিল আমাদের। দলের তরুণদের কাছেও ও দৃষ্টান্ত হয়ে উঠেছে’। যে খেলোয়াড়কে নিয়ে হেড কোচের ধারনা এ রকম, সেই খেলোয়াড়কে যে তিনি মাঠে চাইবেনই, এই নিয়ে কোনও সন্দেহ নেই।
তা হলে কোন ম্যাচে মাঠে নামতে পারবেন নেইমার? হাইতির বিরুদ্ধে আগামী ম্যাচে কি দেখা যাবে তাঁকে? দলের সাপোর্ট স্টাফের সঙ্গে কথা বলে সে দেশের মিডিয়া প্রতিনিধিরা বলছেন, মনে হচ্ছে গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে খেলতে দেখা যাওয়ার বাস্তব সম্ভাবনা যথেষ্ট।
প্রথম ম্যাচে নেইমারকে ছাড়া তা হলে আনসেলোত্তির দলে কারা কারা থাকছেন? ব্রাজিলের কোচ সাদারণত সাংবাদিক, ফোটোগ্রাফারদের সামনে দলকে অনুশীলন করান না। শুরুর দিকে কিছুক্ষণ মিডিয়াকে থাকতে দেন, তার পরে রুদ্ধদ্বার অনুশীলন চলে তাদের। অনুশীলনের শুরুর দিকে যারা দলে থাকবেন, তাদের বিব দিয়ে দেওয়া হয়। এ দিন অনুশীলনে যাদের বিব দেওয়া হল না, সম্ভবত তারাই প্রথম ম্যাচে মাঠে নামবেন।
ব্রাজিলের সংবাদমাধ্যমে প্রকাশিত এই লাইন-আপে মাঝামাঠে লুকাস পাকুয়েতা ও আক্রমণে মাথিয়াস কুনহা রয়েছেন। লাইন-আপটি অনেকটা এ রকম: রক্ষণে অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অ্যালেক্সি সান্দ্রো। মাঝমাঠে কাসিমেরো, ব্রুনো গিমারেস ও লুকাস পাকুয়েতা এবং আক্রমণে রাফিনহা, ভিনি জুনিয়র ও মাথিয়াস কুনহা। এই যদি চূড়ান্ত দল হয়, তা হলে এনড্রিক থাকবেন বেঞ্চে।