রান-বন্যায় বিপর্যস্ত ভারতের তরুণ বোলারদের কী পরামর্শ দিলেন বোলিং কোচ মর্কেল?

Morney Morkel Photo-SNS

রানের বন্যায় দিশাহারা ভারতের বোলিং বিভাগ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ব্যাটারদের দাপটে বার বার চাপে পড়তে হচ্ছে ভারতীয় বোলারদের। শেষ ছ’টি ইনিংসেই ২০০-র বেশি রান উঠেছে। এমন পরিস্থিতিতে বোলারদের পাশে দাঁড়িয়ে তাঁদের ভুল থেকে শিক্ষা নেওয়ার বার্তা দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর মতে, চাপের মুখে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি।

পরপর ম্যাচ থাকায় অনুশীলনের জন্য বেশি সময় পাচ্ছেন না ক্রিকেটাররা। ফলে ভুল শুধরে নেওয়ার সুযোগও সীমিত। সেই পরিস্থিতিতে বোলারদের সঙ্গে আলাদা করে আলোচনা করেছেন মর্কেল।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই, আমাদের এগিয়ে যেতে হবে। এক ম্যাচের পর অন্য ম্যাচের মধ্যে সময় খুব কম। অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না, যেখানে গিয়ে অনেক কিছু নিয়ে কাজ করা সম্ভব। তবে আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে’।


তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে কয়েক জন বোলারের সঙ্গে আলোচনা করেছি। কোন কোন জায়গায় উন্নতি করা প্রয়োজন এবং এখানে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারি, তা চিহ্নিত করার চেষ্টা করেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তরুণ বোলিং বিভাগ কী ভাবে চাপের মধ্যে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে’।

ভারতের তরুণ পেসার প্রিন্স যাদবের পারফরম্যান্সে খুশি মর্কেল। তাঁর মতে, নিজের শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে প্রিন্সের। সেই অনুযায়ী বোলিং করাই তাঁর সবচেয়ে বড় গুণ। তাঁকে নিয়ে মর্কেল বলেন, ‘আমাদের বোলিং বিভাগের জন্য এই সিরিজটা শেখার দারুণ সুযোগ। দলে আসার পর প্রিন্স যাদব নিজের দক্ষতা খুব ভাল ভাবে কাজে লাগিয়েছে। ও খুব সহজ-সরল ভাবে বোলিং করে। নিজের শক্তি সম্পর্কে ওর স্পষ্ট ধারণা রয়েছে এবং সেই জায়গাতেই ও জোর দেয়’।

প্রিন্সের ডেথ ওভারে ইয়র্কার করার দক্ষতার কথাও আলাদা করে উল্লেখ করেছেন ভারতের বোলিং কোচ। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করার সময়ই প্রিন্সের এই গুণ নজরে এসেছিল তাঁর।

মর্কেলের কথায়, ‘ঘরোয়া ক্রিকেটে ও যে ধরনের উইকেটে খেলে, সেখান থেকে সাদা বলের ক্রিকেটে ওর দক্ষতা তৈরি হয়েছে। লখনউ সুপার জায়ান্টসে ওর সঙ্গে কাজ করার সময়ই বুঝেছিলাম, ডেথ ওভারে ইয়র্কার করার ক্ষমতা ওর রয়েছে। এই ধরনের বোলিং টি-টোয়েন্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নামবে ভারত। তার আগে বোলারদের কাছে মর্কেলের বার্তা স্পষ্ট— অতীতের ভুল নিয়ে বসে থাকলে চলবে না। বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ের ধরন বদলাতে হবে।

তরুণ বোলারদের কাছে এই সিরিজকে তাই শুধুই ফলাফলের লড়াই হিসাবে দেখছেন না ভারতের বোলিং কোচ। চাপের মধ্যে নিজেদের দক্ষতা যাচাই করা, সতীর্থদের কাছ থেকে শেখা এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা অর্জন— ভবিষ্যতের জন্য এই শিক্ষাগুলিকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।