ভারত-অস্ট্রেলিয়া যুব ম্যাচ চলাকালীন মোদী স্টেডিয়ামে বোমাতঙ্ক, তল্লাশি শেষে কী পাওয়া গেল?

Bomb Threat At Narendra Modi Stadium Photo-SNS

ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট চলছিল। মাঠে তখন ক্রিকেটের উত্তাপ। আচমকাই এল বোমা রাখার হুমকি দেওয়া ই-মেল! বুধবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড, পুলিশি কুকুর এবং অ্যান্টি-স্যাবোটাজ দল দিয়ে তল্লাশি চালানো হয়।

ঘটনাটি ঘটে ভারত ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ চলাকালীন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ‘গ্রাউন্ড এ’-তে খেলা চলছিল। সকালেই স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে বোমা রাখার হুমকি দিয়ে ই-মেল আসে। বিষয়টি জানার পরই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। পরে সাইবার সেলের দলও ঘটনাস্থলে পৌঁছয়।

গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল পটেল বলেন, ‘ই-মেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা স্থানীয় পুলিশকে জানাই। এমন ঘটনা এর আগেও কয়েক বার ঘটেছে। ২০২৩ সালের বিশ্বকাপ এবং আইপিএলের সময়ও একই ধরনের হুমকি এসেছিল’।


অর্থাৎ, অতীতের অভিজ্ঞতা থাকলেও এ বারও কোনও ঝুঁকি নিতে চাননি কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় তল্লাশি শুরু হয়। দুই দলের ক্রিকেটারেরা তখন স্টেডিয়ামেই ছিলেন। তবে তাঁদের সঙ্গে সঙ্গে হুমকির কথা জানানো হয়নি। খেলা শেষ হওয়ার পর নিরাপত্তা প্রোটোকল মেনে দুপুর ১টার পর দুই দলই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যায়। তার পরে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত অবশ্য স্টেডিয়াম থেকে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। হুমকিটি ভুয়ো বলেই জানা গিয়েছে।

অদ্ভুত ভাবে, হুমকির ই-মেলটি শুধু ক্রিকেট মাঠ নিয়েই ছিল না। ই-মেলে নিজেদের ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’-র সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়। আগামী ১ নভেম্বর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং ২১ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়। এই দুই দনেই গায়ক দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানগুলিতে না যাওয়ার জন্যও হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

এ দিন আহমেদাবাদের আরও কয়েকটি জায়গাতেও একই ধরনের হুমকি ই-মেল পৌঁছয়। প্রায় ১০টি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড সেখানে তল্লাশি চালালেও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

তত ক্ষণে অবশ্য ক্রিকেট ম্যাচ শেষ হয়ে যায়। হুমকির মধ্যেও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে। তবে ক্রিকেটের ফলাফলকে ছাপিয়ে দিনের বড় খবর হয়ে দাঁড়ায় স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে এই বোমাতঙ্ক। তল্লাশিতে কিছু না মেলায় স্বস্তি ফিরলেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।