স্কটল্যান্ডের হয়ে মাঠে নামলেন বাঙালি ক্রিকেটার প্রিয়নাজ

তিনি বাঙালি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের জার্সিতে খেলছেন প্রিয়নাজ চট্টোপাধ্যায়। সম্প্রতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বে দলকে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানো স্কটল্যান্ড দলের সদস্যও ছিলেন প্রিয়নাজ। সেই ম্যাচে ব্যাট হাতে ৫ রান করার পাশাপাশি একটি ওভার বলও করেন। এই প্রিয়নাজের কথা উঠলেই ভারতপথিক রাজা রামমোহন রায়ের পরিবারের সঙ্গে কোনও এক সূত্রে সম্পর্ক ছিল।

১৯৯৩ সালে স্কটল্যান্ডের ডান্ডিতে জন্ম নেওয়া প্রিয়নাজ ২০১৮ সালে সেদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেন। এখনও পর্যন্ত স্কটল্যান্ডের জার্সিতে ২৮টি ম্যাচ খেলেছেন তিনি। পাশাপাশি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও অংশ নিয়েছেন। তাঁর বাবা মনোজিৎ চট্টোপাধ্যায় ভারতীয় বংশোদ্ভূত শিক্ষাবিদ। কেমব্রিজে উচ্চশিক্ষা শেষে এসেক্স ও ডান্ডি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ক্রিকেটের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও সমান সফল প্রিয়নাজ। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বর্তমানে লন্ডনের একটি শক্তি-পরামর্শদাতা সংস্থায় স্ট্র্যাটেজি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি।

বিশ্বকাপ শুরুর আগে প্রিয়নাজ জানিয়েছিলেন, স্কটল্যান্ড দল গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে। তাঁর বিশ্বাস, মহিলাদের ক্রিকেটে বিশ্বজুড়ে প্রতিযোগিতা বেড়েছে এবং এবারের বিশ্বকাপে একাধিক অঘটনের সাক্ষী হতে পারে ক্রিকেট বিশ্ব। যদিও এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। পরপর ২ ম্যাচ জিতে গিয়েছে তারা। আর স্কটল্যান্ড যদি এবারে কিছু চমক দেখাতে পারে তাহলে এবারে মহিলা ক্রিকেট দুনিয়ায় স্কটল্যান্ডের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন অনেকে।