প্রথমবার বেঙ্গল টি২০ লিগ খেতাব জিতল শ্রাচি রাঢ় টাইগার্স। রবিবার ইডেনে সোবিসকো স্ম্যাশার্স মালদাকে ৯ রানে হারিয়ে দেয়। রবিবার রাতে বৃষ্টির জন্য ম্যাচের ওভার কমিয়ে ১৫ করা হয়েছিল। টস জিতে ফিল্ডিং নেয় মালদা। রাঢ় ১০ রান তোলার ফাঁকে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
সেখান থেকে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক শাহবাজ আহমেদ ও গৌরব সিং চৌহান। সাতটি চার ও ৬টি ছয়ের সাহায্যে শাহবাজ ৪৬ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন। গৌরব করেন ৫৫ (৩০)। অখিল দুটি উইকেট নেন। রমেশ প্রসাদ ও সুরজ সিন্ধু জয়সওয়াল একটি করে উইকেট দখল করেন।
এরপর মালদার ইনিংস চলাকালীন ফের বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর ডিএলএস মেথডে মালদার টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ১০৭। শেষ অবধি মালদা ৫ উইকেটে ৯৭ রান তোলে। অভিমন্যু ঈশ্বরণ করেন ৩৮ (২২) । সুখমীত সিং দুটি উইকেট পান। রোহিত কুমার ও রাজু হালদার একটি করে উইকেট নেন।