সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার জয়ের ছন্দে ছেদ পড়ল রবিবার, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বরোদার কাছে ৪ উইকেটে হারতে হল অভিমন্যু ঈশ্বরণের দলকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান তুলেছিল বাংলা। জবাবে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে ম্যাচ জিতে নেয় বরোদা।
বাংলার ইনিংসে সবচেয়ে বেশি রান অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের। ৪৬ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ছিল ১০টি চার ও দু’টি ছক্কা। শুরুতে উইকেট হারালেও অভিমন্যুর ব্যাটে ভর করেই লড়াই করার মতো জায়গায় পৌঁছয় বাংলা।
অভিষেক পোড়েল করেন ২২ বলে ২৯ রান। শাকির হাবিব গান্ধীর অবদান ২০ বলে ২৬। তবে বড় রান পেলেন না সুদীপ কুমার ঘরামি। ফলে ১৭২ রানের বেশি এগোতে পারেনি বাংলা।
বরোদার হয়ে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দল। প্রথম বলেই মহম্মদ শামির শিকার হন অমিত পাসি। শিবালিক শর্মাও বেশি ক্ষণ টেকেননি। ১৬ বলে ৩১ রান করে সায়ন ঘোষের বলে আউট হন তিনি। সায়নের বলে তিনটি ছক্কা ও দু’টি চার মারেন শিবালিক।
এর পর শাশ্বত রাওয়াত ও জিতেশ শর্মা ম্যাচের রং বদলে দেন। তৃতীয় উইকেটে তাঁদের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ বাংলার বোলারদের উপর চাপ বাড়ায়। শাশ্বত করেন ৩৫ বলে ৫১ রান। অন্য দিকে জিতেশের ব্যাট থেকে আসে ২৯ বলে ৫৪ রান। পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। অধিনায়ক ক্রুণাল পাণ্ড্য করেন ১৪ বলে ১৭ রান।
বাংলার হয়ে সায়ন ঘোষ তিনটি উইকেট নেন। শামি, মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামাণিক একটি করে উইকেট পেয়েছেন। কিন্তু জিতেশের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে শেষ পর্যন্ত হার মানতে হয় বাংলাকে। ১৮.৩ ওভারেই জয় তুলে নেয় বরোদা।
পাঁচ ম্যাচে বাংলার পয়েন্ট ১২। বাকি আর দু’টো ম্যাচ। ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা বরোদার পয়েন্ট ১৬। সমসংখ্যাক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজস্থান। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষে থাকা দল ও পাঁচ গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা তিনটি দল কোয়ার্টার ফাইনালে যাবে। সেই লড়াইয়ে বেশ পিছিয়ে গেল বাংলা।
সংক্ষিপ্ত স্কোর*
– বাংলা: ১৭২/৬ (২০ ওভার)। অভিমন্যু ঈশ্বরণ ৭৮, অভিষেক পোড়েল ২৯, শাকির গান্ধী ২৬। ক্রুণাল পাণ্ড্য ২ উইকেট।
– বরোদা: ১৭৩/৬ (১৮.৩ ওভার)। জিতেশ শর্মা ৫৪, শাশ্বত রাওয়াত ৫১, শিবালিক শর্মা ৩১। সায়ন ঘোষ ৩ উইকেট।