বাংলার জুনিয়র ছেলেরা সেমিফাইনালে

PIC-X

অনুর্ধ্ব ১৬ জাতীয় জুনিয়র ডা. বি সি রায় ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। শনিবার বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে কর্নাটকের বিরুদ্ধে বাংলা লড়াই করে। বাংলার কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জেতা ছাড়া তাদের কাছে অন্য কোনও পথ খোলা ছিল না। ড্র করলেও বাংলাকে ছিটকে যেতে হত। কর্নাটক ও বাংলা যে জায়গায় দাঁড়িয়েছিল, তাতে বাংলা থেকে কর্নাটক কিছুটা এগিয়ে থাকে। বাংলা একটা ম্যাচে যেমন জয় পেয়েছে, তেমনই একটি ম্যাচ ড্র করে। ঠিক একইভাবে কর্নাটক একটি ম্যাচে জয় যেমন পেয়েছে, আবার একটি ম্যাচে ড্র করে। কিন্তু কর্নাটক গোলের তফাতে এগিয়েছিল।  তাই খেলার শুরু থেকেই বাংলার ছেলেরা আগ্রাসী ভূমিকা নিয়ে কর্নাটককে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। কর্নাটকও আক্রমণে মাঝেমধ্যেই বাংলা শিবিরকে চিন্তার মধ্যে রেখেছিল। বাংলার ডিফেন্ডাররা যেভাবে ব্যারিকেড তৈরি করেছিল, তা টপকানো কঠিন হয়ে পড়েছিল প্রতিপক্ষ দলে কাছে। খেলার প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি।

দ্বিতীয় পর্বে বাংলার ফুটবলাররা অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে কর্নাটককে সমস্যায় ফেলে দেয়। একের পর এক আক্রমণে কর্নাটকের রক্ষণভাগ এলোমেলো হয়ে যায়। খেলার ৬৭ মিনিটের মাথায় একক কৃতিত্বে সুরজ গাজি জয়সূচক গোল করে বাংলাকে এগিয়ে রাখে। অবশ্য সমতা ফেরাতে কর্নাটক মাঝেমধ্যেই আক্রমণ শানাতে থাকে। কিন্তু কোচ গৌতম ঘোষের প্রশিক্ষণে বাংলার ছেলেরা অত্যন্ত সতর্ক ছিল, তাই প্রতিপক্ষ দল সেইভাবে সমস্যায় ফেলতে পারেনি। বাংলা কর্নাটককে হারিয়ে অপরাজিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল।