শুক্রুবার রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে লা রোহা’রা। শেষ ষোলোতে অন্যতম ফেভারিট পর্তুগালকে অন্তিম মুহূর্তের গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে কার্যত উড়িয়ে দিয়ে শেষ আটের টিকিট জোগাড় করেছে বেলজিয়াম। স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেরেড ডেভিলস’রা।

তবে, শেষ ম্যাচে কিছুটা কষ্টার্জিত জয় পেলেও পিছিয়ে রাখা যাবে না স্প্যানিশ আর্মাডাকে। এবারের বিশ্বকাপে এখনও একটিও গোল হজম করেনি লুইস দে লা ফুয়েন্তের দল।  যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে ইয়ামাল, পেদ্রি, ফেরান তোরেসদের। যদিও, কাগজে-কলমে কিছুটা হলেও এগিয়ে রয়েছে স্পেন। কিন্তু, বেলজিয়ামকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রুপ পর্বে তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও নকআউটে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে তারা। সেনেগালের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয়ের পর আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে একপ্রকার উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রুডি গার্সিয়ার দল।

এদিকে, পরিসংখ্যান অবশ্য কিছুটা হলেও স্পেনকে স্বস্তি দেবে। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নামার আগে এই দুই দল বেশ কয়েকবার একে ওপরের মুখোমুখি হয়েছে। সেখানে দাপট দেখিয়েছে লা রোহা’রা। শেষবার ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ব্রাসেলসে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-০ গোলে সহজ জয় পেয়েছিল স্পেন।

মাঠের লড়াইয়ে নামার আগে অনুশীলনের মাঠ নিয়ে বেশ ক্ষুব্ধ বেলজিয়াম শিবির। এজন্য, ফিফার কাছে অভিযোগও জানিয়েছে রেড ডেভিলসরা । লস অ্যাঞ্জেলেসের লয়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করছিল বেলজিয়াম। কিন্তু, রয়েল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি  মাঠটি আন্তর্জাতিক মানের নয়। পাশাপাশি,  এই মাঠে অনুশীলন করলে ফুটবলারদের চোট পাওয়ার ঝুঁকি রয়েছে।


বেলজিয়ামের অভিযোগের ভিত্তিতে ফিফা রোমেলো লুকাকু, কেভিন দে ব্রুইনদের অনুশীলন ভেন্যু পরিবর্তন করেছে। বর্তমানে তারা মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মাঠে অনুশীলন করছে। তবে ফিফার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে লয়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, সুলিভান ফিল্ডে নিয়মিত পেশাদার দলগুলো অনুশীলন করলেও মাঠের মান নিয়ে এর আগে কখনও অভিযোগ ওঠেনি। তবে, আপাতত এইসব বিতর্ককে সরিয়ে রেখে সেমিফাইনালের টিকিট জোগাড় করতে মরিয়া বেলজিয়াম।