ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএলের সময়সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, ২০২৭ থেকে আইপিএল আরও আগে শুরু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মূল কারণ হিসেবে উঠে এসেছে প্রচণ্ড গরম এবং আবহাওয়াজনিত সমস্যার বিষয়টি।
বর্তমানে আইপিএল সাধারণত মার্চের শেষ সপ্তাহে শুরু হয়ে মে মাসের শেষ দিকে শেষ হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এপ্রিল-মে মাসে তীব্র তাপপ্রবাহ এবং কিছু অঞ্চলে আগাম বর্ষার কারণে ম্যাচ আয়োজন ও খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়ছে। সেই কারণেই টুর্নামেন্টকে প্রায় দুই থেকে তিন সপ্তাহ এগিয়ে আনার চিন্তাভাবনা চলছে।
বোর্ডসচিব দেবজিত সাইকিয়া এদিন সংবাদমাধ্যমকে বলেন, “গরম এখন একটি বড় উদ্বেগের বিষয়। খেলোয়াড়, দর্শক এবং আয়োজকদের কথা মাথায় রেখেই আমরা ভবিষ্যতের সূচি নিয়ে ভাবছি।”
তিনি আরও স্পষ্ট করে দেন যে, সূচি এগিয়ে আনার অর্থ ম্যাচের সংখ্যা বাড়ানো নয়। সইকিয়ার ভাষায়, “এ মুহূর্তে ম্যাচের সংখ্যা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। আলোচনা হচ্ছে শুধুমাত্র সময়সূচি পরিবর্তন নিয়ে।”
প্রস্তাব বাস্তবায়িত হলে ২০২৭ সালে আইপিএল মার্চের মাঝামাঝি বা ১০ মার্চের কাছাকাছি শুরু হয়ে মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে। এতে তীব্র গরমের সময়কাল এড়িয়ে টুর্নামেন্ট পরিচালনা করা সহজ হবে বলে মনে করছে বোর্ড। ২০২৮ থেকে শীতের মরসুমে আইপিএল করার কথাও ভেবেছে তারা। তবে সেজন্য অনেক কাঠ-খড় পোড়াতে হবে তাদের। ব্রডকাস্টার ও আইসিসি-র অনুমতি না পেলে তা করা যাবে না।
এর আগে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালও ভবিষ্যতে আইপিএলের জন্য আরও বড় উইন্ডো পাওয়ার আশার কথা জানিয়েছিলেন। তবে বোর্ডের বর্তমান যা অবস্থান, তাতে টুর্নামেন্টের দৈর্ঘ্য বা ম্যাচসংখ্যা বাড়ানোর আগে আন্তর্জাতিক ক্রিকেট সূচির সঙ্গে তার সামঞ্জস্যের বিষয়টি বিবেচনা করা হবে।
যদিও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবুও আইপিএলের ২০তম আসরের আগে সূচিতে বড় পরিবর্তনের সম্ভাবনা যে বাস্তব, তা দেবজিৎ সইকিয়ার বক্তব্য থেকেই স্পষ্ট। এখন আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআইয়ের পরবর্তী বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটমহল।