বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্সে, ইতিহাস গড়ে রুপো বসন্তের, জোড়া পদক ভারতের

Photo: X

বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এক দিনে জোড়া পদক এলো ভারতের ঝুলিতে। হাই জাম্পে রুপো জিতে ইতিহাস গড়লেন বসন্ত কুমার মেঘওয়াল। লং জাম্পে ব্রোঞ্জ পেলেন শাহনাওয়াজ খান। এর ফলে এই প্রতিযোগিতায় ভারতের পদকসংখ্যা বেড়ে হল তিন। এর আগে জ্যাভলিনে রুপো জিতেছিলেন আশিস যাদব।

রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড়ের ১৯ বছর বয়সি বসন্ত হাই জাম্পে ২.২১ মিটার লাফিয়ে রুপো জেতেন। বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে হাই জাম্পে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট তিনিই। ভারতীয় নৌসেনার এই অ্যাথলিটের এটাই ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।

সোনার লড়াইয়ে বসন্তের সঙ্গে একই উচ্চতায় পৌঁছেছিলেন আলজেরিয়ার ইউনেস আয়াচি এবং ব্রিটেনের ওটিস পুল। তিন জনেই ২.২৪ মিটার টপকাতে পারেননি। ফলে আগের উচ্চতায় কত বারের চেষ্টায় তাঁরা ২.২১ মিটার পেরিয়েছেন, তার ভিত্তিতে হয় ফলাফল। প্রথম চেষ্টাতেই ২.২১ মিটার টপকে সোনা জেতেন আয়াচি। বসন্ত ওই উচ্চতা পেরোন দ্বিতীয় চেষ্টায়। তৃতীয় চেষ্টায় সফল হন পুল। তাই রুপো পান ভারতীয় অ্যাথলিট।


বসন্তের উন্নতিও নজরকাড়া। এই মরসুমেই নিজের ব্যক্তিগত সেরা ২.১১ মিটার থেকে বাড়িয়ে ২.২১ মিটার করেছেন তিনি। তাঁর কোচ প্রাক্তন ভারতীয় মহিলা হাই জাম্প জাতীয় রেকর্ডধারী সাহানা কুমারী।

এর পরেই লং জাম্পে ব্রোঞ্জ এনে দেন ১৮ বছরের শাহনাওয়াজ। তাঁর সেরা লাফ ৭.৮৪ মিটার। তৃতীয় প্রচেষ্টায় এই দূরত্বে পৌঁছন তিনি। ছয়টি প্রচেষ্টায় তাঁর ফল ছিল ৭.৬৭, ৭.৭২, ৭.৮৪, ৭.৫২, ৭.৮৩ এবং ৫.৩৭ মিটার।

এই প্রতিযোগিতায় ভারতের পদক অভিযান শুরু হয়েছিল জ্যাভলিনে আশিস যাদবের রুপো দিয়ে। নীরজ চোপড়ার পর বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জ্যাভলিনে রুপো জেতা দ্বিতীয় ভারতীয় তিনি। আশিসের সাফল্যের পরে নীরজ তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, ‘এটা তো সবে শুরু। তরুণ এই থ্রোয়ারের জন্য আমি গর্বিত’।

একই প্রতিযোগিতায় এ বার তিনটি পদক ভারতের। জ্যাভলিনে রুপোর পরে হাই জাম্পে বসন্তের রুপো এবং লং জাম্পে শাহনাওয়াজের ব্রোঞ্জ—ভারতীয় অ্যাথলেটিক্সের ভবিষ্যৎ নিয়ে আশার আলো আরও উজ্জ্বল করল ইউজিনের মঞ্চ।