এক বলও খেলতে হল না, এশিয়ান গেমসের শেষ চারে উঠে পড়ল বাংলাদেশ!

Asian Games Cricket Photo-SNS

মাঠে নামতেই হল না। ব্যাট-বলের লড়াই তো দূরের কথা, টস পর্যন্ত হল না। তবু এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের সেমিফাইনালে উঠে পড়ল বাংলাদেশ।

বৃষ্টিতে মাঠ ভিজে ছিল। ফলে চিনের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়ে যায়। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার আইচি প্রিফেকচারের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে হওয়ার কথা ছিল বাংলাদেশ-চিন কোয়ার্টার ফাইনাল। কিন্তু নাগোয়ার লাগাতার বৃষ্টিতে মাঠের আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে যায়। আম্পায়াররা একাধিক বার মাঠ পরিদর্শন করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। টসও করা সম্ভব হয়নি।


 

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচের ফল না হলে উচ্চতর সিডিং বা র‌্যাঙ্কিংয়ে থাকা দলকে সেমিফাইনালে পাঠানো হবে। সেই নিয়মেই লাভ হল বাংলাদেশের। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। চিন অনেক পিছনে, ৩৬ নম্বরে। ফলে ম্যাচ না খেলেই শেষ চারে চলে গেলেন নিগার সুলতানারা।

অদ্ভুত হলেও এটাই প্রথম বার নয় যে, বৃষ্টির কারণে এমন পরিস্থিতি তৈরি হল। গত কয়েক দিন ধরেই নাগোয়ায় খারাপ আবহাওয়া নিয়ে সমস্যা চলছে। বাংলাদেশের প্রস্তুতিতেও তার প্রভাব পড়েছিল। পুরোপুরি অনুশীলন করতে পারেনি দল। শেষ পর্যন্ত সেই বৃষ্টিই এক অর্থে বাংলাদেশের পথ সহজ করে দিল।

তবে সেমিফাইনালে বাংলাদেশের সামনে আরও কঠিন পরীক্ষা। শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং আয়োজক জাপান। সেই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ভারত জিতলে ফের এশিয়ান গেমসের মঞ্চে ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে। অন্য কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠে পড়ল পাকিস্তানও।

এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে বাংলাদেশের আগের রেকর্ডও বেশ ভাল। এখনও পর্যন্ত দু’টি রুপো এবং একটি ব্রোঞ্জ রয়েছে তাদের ঝুলিতে। এ বারও পদকের লড়াইয়ে টিকে গেল তারা—তাও এক বলও না খেলে!