৫৪ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়া সফরের আগে ব্যাটিং নিয়ে চরম উদ্বেগ, ‘আমরাই নিজেদের ডুবিয়েছি’, বললেন কোচ সিমন্স

Coach Simmons Photo-SNS

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশের। তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট বাংলাদেশ। ইনিংস ও ৩৮ রানে ম্যাচ হারার পরে দলের ব্যাটিং নিয়ে হতাশা চেপে রাখেননি কোচ ফিল সিমন্স।

প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তোলে ৩৫৫ রান। এর পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়ে মাত্র ২২ ওভারে। ওপেনার তানজিদ হাসানের ২২ রানই ছিল দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন একাই নেন ৮ উইকেট, মাত্র ২৫ রানে।

এমন বিপর্যয়ের পর সিমন্সের মুখে শোনা গেল আত্মসমালোচনার সুর। বাংলাদেশ কোচ বলেন, ‘এই প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরাই নিজেদের হতাশ করেছি। আমরা কী ভাবে আউট হয়েছি, সেটা দেখলে বলতে হয়, ব্যাপারটা মোটেই ভাল লাগার মতো ছিল না।’


তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে হাতে এখনও কিছুটা সময় রয়েছে বলেই মনে করছেন সিমন্স। ১৩ অগস্ট থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে ব্যাটাররা নিজেদের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন বলে তাঁর আশা।

সিমন্স বলেন, ‘আমাদের হাতে তিন-চার দিন রয়েছে। এই সময়ের মধ্যে টেস্ট ম্যাচে ঠিক কী করতে হবে, তা নিয়ে কাজ করতে হবে।’

সঙ্গে তাঁর বক্তব্য, ‘আমি বিশ্বাস করি, পরের তিন দিন ছেলেরা প্রয়োজনীয় পরিশ্রম করবে এবং প্রথম টেস্টে ভাল খেলার জন্য আমাদের যা করা দরকার, করব।’

প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে হতাশ হলেও সিমন্স এখনই সেটিকে আঁকড়ে ধরে থাকতে চাইছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসল লড়াইয়ের দিকে দ্রুত মন দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বাংলাদেশ কোচের কথায়, ‘ম্যাচের ফল হতাশাজনক। কিন্তু আমাদের সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে।’

তবে বাংলাদেশের শিবিরে স্বস্তির খবরও রয়েছে। আঙুলের চোটে প্রস্তুতি ম্যাচের বাকি অংশে খেলতে পারেননি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ব্যাট করার সময় চোট পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর চোট দ্রুত সেরে উঠছে বলে জানিয়েছেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘পরশু ব্যাট করার সময় তাইজুল যে চোট পেয়েছিল, এখন তার অনেকটাই উন্নতি হয়েছে। ফোলা এবং ব্যথা—দুটোই কমেছে।’

তাইজুলের প্রথম টেস্টে খেলার ব্যাপারেও আশাবাদী ফিজিও। তাঁর কথায়, ‘প্রথম টেস্ট এখনও পাঁচ দিন দূরে। আমাদের হাতে আরও চার দিন রয়েছে। আমি পুরোপুরি আশা করছি, সেই সময়ের মধ্যে তাইজুল খেলার জন্য তৈরি হয়ে যাবে।’

অর্থাৎ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং চিন্তা বাড়ালেও তাইজুলের সুস্থ হয়ে ওঠার খবর কিছুটা স্বস্তি দিচ্ছে। কিন্তু ১৩ অগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে সিমন্সের সবচেয়ে বড় কাজ এখন ব্যাটিংয়ের এই ভয়াবহ ধসের কারণ খুঁজে বার করা।