একদিনের সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দিন-রাতের টেস্ট ম্যাচেও হেরে গেল ভারত। রবিবার টেস্টের তৃতীয় দিনের পার্থের ওয়াকা গ্রাউন্ডে ১০ উইকেটে জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। একইসঙ্গে, অধিনায়ক অ্যালিশা হিলির বিদায়ী ম্যাচকে বিশেষ স্মরণীয় করে রাখল তারা। ম্যাচের প্রথম ইনিংস থেকেই দাপট বজায় রেখেছিল অস্ট্রেলিয়া।
মূলত, অলরাউন্ডার জেমিমা রদ্রিগেজের অর্ধশতরানের সৌজন্যে ১৯৮ রান তোলে ভারত। বল হাতে একাই ভারতীয় ব্যাটিং লাইন আপকে ভেঙে দেন অ্যানাবেল সাদারল্যান্ড। প্রথম ইনিংসে চার উইকেট নেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে সেই সাদারল্যান্ডের চওড়া ব্যাটে ভর করে ৩২৩ রান করে তারা। বল হাতে সাফল্যের পর ব্যাট হাতেও ১২৯ রানের দুরন্ত ইনিংস খেলেন সাদারল্যান্ড। পাশাপাশি, অধিনায়ক অ্যালিশা হিলি ৭৬ রান করেন। ফলে, ১২৫ রানের লিড পায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে চার উইকেট নেন সায়ালি সাতঘরে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার এই বিশাল লিডের কোনও জবাব খুঁজে পায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইন আপ। তবে, শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন স্নেহ রানা। প্রতীকা রাওয়ালের সঙ্গে ৩০ রানের একটা জুটি গড়ে তোলেন তিনি। ৬৩ রানের লড়াকু ইনিংস খেলেন প্রতীকা। যদিও, অজি স্পিনার অ্যাশলি গার্ডনারের দাপটের সামনে বিশেষ সুবিধা করতে পারেনি ভারত। প্রতীকা ও রানাকে অ্যাশলি সাজঘরে ফেরাতেই ভারতের ইনিংসে ধস নামে। পরেরদিকে, আলানা কিংয়ের দাপটে লোয়ার অর্ডারের কেউ সেভাবে দাঁড়াতেই পারলেন না। ফলে, ১৪৯ রানে অলআউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৪ রান। তৃতীয় দিনে ফোবি লিচফিল্ড ও জর্জিয়া ভল মিলে সহজেই সেই রান তুলে নিলেন।
এই প্রসঙ্গে বলা যায়, রবিবার ছিল ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের জন্মদিন। বিশেষ এই দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলের একমাত্র টেস্ট ম্যাচ হেরে স্বভাবিকভাবেই হতাশ তিনি। জানালেন, টি-টোয়েন্টি ম্যাচে শুরুটা ভালো করেও একদিনের সিরিজ এবং টেস্ট ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তাঁর দল। যদিও, অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলাটাকে বড় অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে, ম্যাচ শেষে অজি অধিনায়ক হিলি বলেন, দলের পারফরম্যান্সে তিনি গর্বিত। একইসঙ্গে, নিজের বিদায়ী ম্যাচে দলকে ভবিষ্যতের জন্য বিশেষ শুভেচ্ছাও জানালেন তিনি।