নেইমারের অভাব কি ভোগাচ্ছে ব্রাজিলকে? ফ্রান্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আন্সেলোত্তির দল হারতেই ফের একবার সেই প্রশ্ন উঠে গেল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মাঝমাঠে খেলা তৈরী করার লোকের অভাব স্পষ্ট। ফলে, দশজনের ফ্রান্সকেও হারাতে পারল না তারা।
কিলিয়ান এমবাপের দলের কাছে ২-১ গোলে হেরে গেল ব্রাজিল। এই প্রসঙ্গে বলা যায়, বিশ্বকাপ খেলতে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেকাও’রা। মূলত, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।
এদিন প্রথম ম্যাচে জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপট বজায় রেখেছিল ফ্রান্স। সেই আক্রমণ থেকে খেলার ৩২ মিনিটে ফরাসিদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে ওই ১-০ গোলেই এগিয়ে থেকে সাঝঘরে ফেরে তারা। দ্বিতীয়ার্ধে আন্সেলোত্তির দলের কাছে প্রত্যাবর্তনের লড়াই আশা করেছিল স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। তার বদলে খেলার ৬৫ মিনিট নাগাদ ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করে যান হুগো একিটিকে। তার আগে অবশ্য ৫৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সের রক্ষণভাগের খেলোয়াড় ডায়োত উপামেকানো। কিন্তু সেই সুযোগ কাজে পুরোপুরি ব্যর্থ ব্রাজিল। বরং, রাফিনহা চোট পেয়ে মাঠ ছাড়লে আরও চাপে পরে যায় সেলেকাও’রা। যদিও, খেলার ৭৮ মিনিটে জটলার মধ্যে থেকে একটি গোল শোধ করে যান ব্রাজিলের ডিফেন্ডার গিয়েলসন ব্রেমার। এছাড়া, পুরো ম্যাচে নজর কাড়তে ব্যর্থ ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিয়াস কুনহারা।
এদিকে, ম্যাচ হারের পরেই নেইমারকে জাতীয় দলে ফেরানোর দাবি তুললেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। ম্যাচ শেষে ক্রমাগত ব্রাজিলিয়ান তারকার নামে স্লোগান দিতে থাকেন তারা।
ম্যাচ শেষে যা নিয়ে নিজের বিরক্তি লুকাননি ব্রাজিলের কোচ আন্সেলোত্তি। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা আজ দলে ছিল তাঁদের নিয়েই শুধু কথা বলতে চান তিনি। আন্সেলোত্তি আরও বলেন, খেলোয়াড়রা যারা দলে রয়েছে তারা পরিশ্রম করে এই জায়গাটা অর্জন করে নিয়েছে। একইসঙ্গে, তিনি জানিয়ে দেন জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য অনেকেই প্রতিযোগিতায় রয়েছে।