বাবার নামের প্রতি সুবিচার করছেন ছেলে। বীরেন্দ্র শেহবাগের আগ্রাসী ব্যাটিংয়ের ছাপ কি দেখা যাচ্ছে আর্যবীর শেহবাগের মধ্যেও?
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তাঁর দুরন্ত ইনিংসের পরে এই প্রশ্নই ঘুরছে ক্রিকেট মহলে। মঙ্গলবার ওমানের আল এমিরাত ক্রিকেট স্টেডিয়ামে ১৬৮ বলে ১৬০ রান করলেন আর্যবীর। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার এবং ৭টি ছয়।
পাকিস্তানের কাছে হারের পরে এই ম্যাচটি ভারতের কাছে ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেন করতে নেমে শুরুতে বেশ সাবধানী ছিলেন আর্যবীর। উইকেটে বল থমকে আসছিল, কখনও সুইং, কখনও আবার স্পিন। প্রথম ১৪ বল খেলার পরে প্রথম বাউন্ডারি মারেন তিনি। কিন্তু ক্রিজে থিতু হওয়ার পরে ধীরে ধীরে তাঁর হাত খুলতে শুরু করে।
৬৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন আর্যবীর। তার পরে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করেন। ১৩১ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরে গতি বাড়ান। স্পিনারদের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে শুরু করেন। আমিরশাহির বোলারদের উপর চাপ বাড়িয়ে দেন তিনি। ১৬০ বলে দেড়শো রান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৫তম ওভারে নাসিম খানের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন আর্যবীর।
Leading the charge at the top of the order 👊
An impressive 𝗛𝗨𝗡𝗗𝗥𝗘𝗗 by Aaryavir Sehwag 💯
Updates ▶️ https://t.co/M0EJVCkM56
#MensU19AsiaCup https://t.co/lntDRlo5F2
— BCCI (@BCCI) November 10, 2026
কোহলির ব্যাটিংও পছন্দ
আর্যবীরের ব্যাটিংয়ের ধরন নিয়ে আলোচনা নতুন নয়। তবে তাঁর নিজের বক্তব্য, শুধু বাবার কাছ থেকেই নয়, বিরাট কোহলির ব্যাটিং থেকেও অনুপ্রেরণা পান তিনি।
একটি সাক্ষাৎকারে আর্যবীর বলেছিলেন, ‘হ্যাঁ, আমি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে খুব ভালবাসি। বিরাট কোহলির আমি বড় ভক্ত। আগ্রাসী ভঙ্গিতে ক্রিকেট খেলতে পছন্দ করি। শুধু সহবাগের মতো নয়, কোহলির মতোও খেলতে চাই। কারণ আমি কোহলির খুব বড় ভক্ত।’
তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যে দলই খেলুক, তাদের উপর আধিপত্য বিস্তার করতে চাই। দেশের হয়ে যতটা সম্ভব অবদান রাখতে চাই এবং ভারতকে ম্যাচ জেতাতে চাই।’
১৯৩ রানের পার্টনারশিপ
আর্যবীরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন ভিকে বিনীত। তিনিও হাফ সেঞ্চুরি করেন। ভারতীয় অধিনায়ক লক্ষ্মণ রাজেশ রাইচান্দানি ১৭ রান করে আউট হওয়ার পরে এই জুটিই ইনিংসের হাল ধরে।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রান তোলে ভারত। আমিরশাহির সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩১০ রান।
পাকিস্তানের কাছে হারের জবাব
প্রতিযোগিতার শুরুতে নেপালকে ১০ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। সেই ম্যাচে অপরাজিত ৭২ রান করেছিলেন আর্যবীর। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ২২ রান করেই ফিরতে হয়েছিল তাঁকে। পাকিস্তানের কাছে হারের পরে আমিরশাহির বিরুদ্ধে এই ইনিংস তাই বিশেষ গুরুত্বপূর্ণ।
তিন ম্যাচে আর্যবীরের সংগ্রহ দাঁড়াল ২৫২ রান। একটি শতরান এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। গড় ১২৬। বাবার মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান তিনি। তবে এই ইনিংসে শুধু আগ্রাসন নয়, ধৈর্য এবং পরিস্থিতি বুঝে খেলার পরিণতিও দেখালেন ১৯ বছরের ব্যাটার।